টাইমের দৃষ্টিতে শীর্ষ ১০ সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩: বিদায়ী বছর ২০১৩ সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ঘটনা ঘটেছে। কোনো ঘটনা গণমাধ্যমের নজর কেড়েছে, কোনোটি কাড়েনি। আবার কিছু সংবাদ আলাদা গুরুত্ব পেয়েছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী সাময়িকী টাইম তেমন ১০টি খবর বাছাই করেছে

ফিলিপাইনে হাইয়ানের আঘাতে উদ্বাস্তু একটি পরিবার
ফিলিপাইনে হাইয়ানের আঘাতে উদ্বাস্তু একটি পরিবার

সুপার সাইক্লোন হাইয়ান
নভেম্বরের শুরুর দিকে ফিলিপাইনে আঘাত হানে সুপার সাইক্লোন হাইয়ান। ঘণ্টায় ১৭০ মাইলের বেশি বেগের এই সামুদ্রিক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় শহর তাকলোবান। নিহত হয় পাঁচ হাজারেরও বেশি মানুষ। ১৯৯১ সালের পর ফিলিপাইনে এটাই ছিল সবচেয়ে বড় সাইক্লোন।

ভারতে ধর্ষণের হিড়িক
২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে মেডিকেল-ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদমুখর হয়ে ওঠে ভারত, যার প্রভাব ছিল ২০১৩ সালজুড়ে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়। সরকার ধর্ষণের বিরুদ্ধে আইন কঠোরতর করে। কিন্তু ধর্ষণের ঘটনা বন্ধ হয়নি। সেপ্টেম্বরে মুম্বাইয়ে ধর্ষণের শিকার হন এক নারী আলোকচিত্রী।

চীনের সমুদ্রসীমায় উত্তেজনা
দক্ষিণ চীন সাগরে বছরজুড়েই চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তোড়জোড় ছিল। এটি আঞ্চলিক সংকট প্রকট করেছে। বছরের শেষের দিকে চীনের একতরফা ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণা সেই সংকট আরও ঘণীভূত করে।


রানা প্লাজা ধস

২৪ এপ্রিল বাংলাদেশের সাভারে রানা প্লাজা ভবন ধসে ১১ শতাধিক পোশাকশ্রমিক নিহত হন। এ ঘটনার পর বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমিক-নিরাপত্তার বিষয়টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচিত হয়।

আফ্রিকায় ব্যাপক সন্ত্রাস

ফ্রান্স জানুয়ারি মাসে মালিতে অভিযান চালিয়ে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ঠেকায়। কিন্তু বছরজুড়েই আফ্রিকায় ইসলামী চরমপন্থীদের উত্থান দেখা যায়। জঙ্গিরা আলজেরিয়ায় তেলখনিতে জিম্মি করে ৩৯ জন বিদেশিকে হত্যা করে, নাইজেরিয়ায় বোকো হারাম বেশ কয়েকটি বড় হামলা চালায় এবং আল-শাবাব কেনিয়ার একটি শপিং মলে হামলা চালিয়ে কমপক্ষে ৬৮ জনকে হত্যা করে।

নতুন পোপ

১৩ মার্চ নতুন পোপ নির্বাচিত হন আর্জেন্টিনার হোর্হে বের্গোগলিও। পোপ ফ্রান্সিস নাম ধারণ করেন তিনি। এর আগে ৬০০ বছরের মধ্যে নতুন ইতিহাস সৃষ্টি করে পোপের পদ ছেড়ে দেন ষোড়শ বেনেডিক্ট।

মিসরে বিপ্লব শেষ?

হোসনি মোবারক অধ্যায় শেষে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি। জুলাইয়ে সেনাবাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে।

ইরানের নতুন অধ্যায়

পারমাণবিক কর্মসূচি নিয়ে পরাশক্তিদের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছে ইরান। দৃশ্যত তুলনামূলক উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতায় আসায়ই তা সম্ভব হয়েছে। এ বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেন রুহানি, যা ছিল প্রায় তিন দশকের মধ্যে এই দুই দেশের প্রেসিডেন্টদের প্রথম কথোপকথন।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত সংগ্রহ করছেন বিশেষজ্ঞরা
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত সংগ্রহ করছেন বিশেষজ্ঞরা


সিরিয়ায় গৃহযুদ্ধ

প্রায় আড়াই বছর ধরে চলা সংঘাতে নতুন মাত্রা যোগ হয় ২১ আগস্ট। দামেস্কে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যার অভিযোগ ওঠে। সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা এ জন্য পরস্পরের দিকে অভিযোগের আঙুল তোলে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগের জেরে রাসায়নিক অস্ত্র ধ্বংসে রাজি হয় সিরিয়া সরকার। সম্মত হয় আগামী জানুয়ারিতে জেনেভায় অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতেও।

এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

বিশ্ব কাঁপান স্নোডেন
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির খবর ফাঁস করে ঝড় তোলেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন। নজরদারির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পুরোনো মিত্ররাও ছাড় পায়নি। দেশ ত্যাগ করে এসব তথ্য ফাঁস করেন স্নোডেন। সাময়িক আশ্রয় পেয়ে এখন তিনি রাশিয়ায় আছেন।