টাওয়ার হ্যামলেটসে নির্বাচন ১১ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আগামী ১১ জুন পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি বংশোদ্ভূত লুতফুর রহমান মেয়র ছিলেন। কিন্তু ভোট জালিয়াতির দায়ে দোষী প্রমাণিত হওয়ায় নির্বাচিত হওয়ার এক বছরের মাথায় তাঁকে বরখাস্ত করা হয়।

আগামী বৃহস্পতিবারের নির্বাচনে মেয়র পদে মোট ১০ জন প্রার্থী লড়বেন। এবার মূল লড়াই হবে লেবার দলের প্রার্থী জন বিগস এবং লুতফুর রহমান সমর্থিত প্রার্থী কাউন্সিলর রাবিনা খানের মধ্যে। লুতফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাওয়ার হ্যামলেটস থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে আদালত কর্তৃক নিষিদ্ধ হলেও লুতফুর রহমান রাবিনা খানকে সমর্থন দিয়ে রাজনীতির মাঠে সক্রিয়।

টাওয়ার হ্যামলেটসের দুটি সংসদীয় আসনের দুজন এমপিই লেবার পার্টির। কিন্তু কাউন্সিলের মেয়র নির্বাচনে গত দুই দফা দলটি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছে। তবে দলটি এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে হারের লজ্জা কাটিয়ে উঠতে চায়। অন্যদিকে লুতফুর রহমানের সমর্থকেরা রাবিনা খানকে বিজয়ী করে প্রতিপক্ষকে জবাব দিতে চান। তবে ঐতিহাসিকভাবে লেবার পার্টির সমর্থক বাংলাদেশিরা আবারও স্বতন্ত্র মেয়র নির্বাচন করবেন, নাকি লেবার পার্টিকে টাওয়ার হ্যামলেটসেরÿক্ষমতায় ফিরিয়ে আনবেন—এই নির্বাচনে সেই প্রশ্নটি জোরালো হয়ে উঠেছে।

এদিকে ব্রিটেনের সংসদে সদ্য এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক এক যৌথ বিবৃতিতে বাংলাদেশিদের গোষ্ঠীবদ্ধ রাজনীতি পরিহার করে মূলধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার এই তিন এমপির লেবার পার্টির প্রার্থী জন বিগসের পক্ষে প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে।