টাকা ওড়াচ্ছে বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হিমাচল প্রদেশের সিমলায় ঘরে ঢুকে ১০ হাজার রুপি চুরি করে নিয়েছে এক বানর। ছবি: বিবিসির সৌজন্যে
ভারতের হিমাচল প্রদেশের সিমলায় ঘরে ঢুকে ১০ হাজার রুপি চুরি করে নিয়েছে এক বানর। ছবি: বিবিসির সৌজন্যে

মানুষ নয়, অর্থ চুরি করেছে এক বানর। অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের সিমলায়। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

পাইন বনে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সিমলায় এ ধরনের ঘটনা পর্যটকদের বিস্মিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, এক বানর খাবারের সন্ধানে এক বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু খাবার জোটেনি। শেষে রেগে গিয়ে ওই বাড়ি থেকে ১০ হাজার রুপি চুরি করে নিয়ে যায় বানরটি। এরপর বানরটি এক বাড়ির টিনের চালে বসে নোটগুলো ওড়াতে থাকে। তখনই আশপাশের নজরে আসে বিষয়টি।

হিমাচলে তিন লাখের মতো বানর আছে। রাজধানী সিমলা তো প্রাণীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বানর পূজনীয়। সাম্প্রতিক সময়ে অবশ্য বেশ উত্পাত বেড়েছে বানরগুলোর।

বানরের দল মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। খেতের শস্য ধ্বংস করে ফেলছে। খাবারের জন্য মানুষের ওপর হামলা চালাচ্ছে, মারধর করছে ছোট শিশুদের।

পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী অমিত কানোয়াড় বলেন, বানর যখন এক এক করে নোটগুলো নিচে ফেলছিল, তখন তা সংগ্রহ করতে লোক জমে যায়।