টাচস্ক্রিনের ব্যবহারে শিশুর ঘুম কি কম হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব শিশু স্মার্টফোন বা ট্যাবে দিনের অনেকটা সময় গেমস খেলে কাটায়, তারা যেসব বাচ্চা খেলে না, তাদের চেয়ে কম সময় ঘুমায়। সম্প্রতি যুক্তরাজ্যে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, যে শিশুটি দিনে অন্তত এক ঘণ্টা স্মার্টফোনে ‘টাচস্ক্রিন’ ব্যবহার করে খেলে, তারা অন্য শিশুদের চেয়ে ১৫ মিনিট কম ঘুমায়।

লন্ডনের বার্কবেক বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় ৭১৭ জন মা-বাবাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এই অভিভাবকদের তিন বছরের কম বয়সী শিশু রয়েছে। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, দিনে কতক্ষণ তাঁদের শিশুটি স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে গেমস খেলে। জানতে চাওয়া হয়, দিনে শিশুটি কতক্ষণ ঘুমায়।

এতে দেখা যায়, ৭৫ ভাগ শিশু প্রতিদিন টাচস্ক্রিন ব্যবহার করে। এর মধ্যে ৫১ শতাংশ ৬ থেকে ১১ মাস বয়সী, যারা দিনে একবার হলেও ব্যবহার করে।

গবেষণা বলছে, এই শিশুরা স্বাভাবিক সময়ের চেয়ে কম সময় ঘুমাচ্ছে। হিসাব করে দেখা গেছে, এক ঘণ্টা খেলায় প্রায় ১৫ মিনিট কম ঘুম হচ্ছে তাদের।

এ গবেষণার অন্যতম সদস্য টিম স্মিথ বলেন, একটি শিশুর জন্য এক মিনিট ঘুমও গুরুত্বপূর্ণ। কারণ, তা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে প্রভাব ফেলে।

তবে গবেষণায় দেখা গেছে, টাচস্ক্রিনের ব্যবহার শিশুদের সাধারণ দক্ষতা বাড়ায়। তাহলে কি আমরা আমাদের শিশুদের টাচস্ক্রিন ব্যবহার করতে দেব, এমন প্রশ্নের জবাবে টিম স্মিথ বলেন, ‘এটা খুবই জটিল প্রশ্ন। বিজ্ঞান এখনো এ বিষয়ে পিছিয়ে আছে। আমরা সত্যিই এখনো প্রযুক্তির পেছনে পড়ে আছি। তাই আগেভাগেই এ বিষয়ে কিছু বলে দেওয়া সম্ভব না।’

এ ক্ষেত্রে শিশুদের টিভি দেখার যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তা-ই অনুসরণ করা যেতে পারে বলে মনে করেন এই গবেষক।

অর্থাৎ সারা দিন শিশুর হাতে কোনো ডিভাইস থাকা সঠিক অভ্যাস নয়। এগুলো দেখার নির্দিষ্ট সময় থাকা উচিত। বাচ্চারা যেন প্রচুর শারীরিক কসরত করতে পারে, সেদিকে নজর দিতে হবে। টিভিতে যা দেখছে বা ফোনে যা খেলছে, তা যেন বাচ্চার বয়স অনুযায়ী হয়, সেদিকে মা-বাবাকে লক্ষ রাখতে হবে। এ ছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঘুমাতে যাওয়ার আগে এগুলোর কোনোটাই যেন বাচ্চারা না দেখে।

তবে এ বিষয়ে আরও নিরীক্ষার প্রয়োজন আছে জানিয়ে গবেষক অ্যানা জয়েসি বলেন, যতক্ষণ না আমরা ঘুমের ওপর টাচস্ক্রিনের আরও প্রভাব জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ বাদ দেওয়া উচিত, তা আমরা বলতে পারি না। বিবিসি অনলাইন।