টানা তারে হেঁটে নায়াগ্রা পাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নাগরিক নিক ওয়ালেন্ডা গতকাল শনিবার টানা তারের ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা জলপ্রপাত পাড়ি দিয়েছেন। জলপ্রপাতের নিউইয়র্কের দিক থেকে হেঁটে কানাডায় পৌঁছান ওয়ালেন্ডা। বিশ্বে তিনিই প্রথম ব্যক্তি, যিনি টানা তারের ওপর দিয়ে এই জলপ্রপাত পাড়ি দিতে সক্ষম হলেন।৩৩ বছর বয়সী ওয়ালেন্ডা তীব্র ঠান্ডা ও বাতাসের মধ্যে এই জলপ্রপাত পাড়ি দিতে ২৫ মিনিট সময় নেন। টানা ওই তারের দৈর্ঘ্য ছিল এক হাজার ৮০০ ফুট। স্টিলের তৈরি তারটির ব্যাস দুই ইঞ্চি। নায়াগ্রার পানির ঘূর্ণাবর্তের ২০০ ফুট ওপরে ওই তার স্থাপন করা হয়। শরীরের ভারসাম্য রক্ষার জন্য ওয়ালেন্ডা লম্বা একটি দণ্ডও ব্যবহার করেন। এর আগে ১৮৯৬ সালে এক ব্যক্তি টানা তারের একটি অংশ পর্যন্ত যেতে পেরেছিলেন। পরে কর্তৃপক্ষ নায়াগ্রার ওপর দিয়ে এমন দুঃসাহসিক অভিযান নিষিদ্ধ করে। সম্প্রতি ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।নায়াগ্রা জয়ের পর সংবাদ সম্মেলনে ওয়ালেন্ডা বলেন, এই পথ পাড়ি দিতে সবচেয়ে বড় বাধা ছিল কুয়াশা আর বাতাস। কারণ, বাতাস ছিল বেশ ঠান্ডা। তাঁর এই দুঃসাহসিক অভিযান প্রায় শুরু থেকে যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচার করা হয়। এবিসি জানায়, ওয়ালেন্ডার এই অভিযানে নিরাপত্তা সমন্বয়কের ভূমিকা পালন করেন তাঁর বাবা টেরি ট্রফার। তারের ওপর দিয়ে হাঁটার সময় রেডিওর মাধ্যমে বাবার সঙ্গেই যোগাযোগ রক্ষা করেন তিনি। হাঁটার একপর্যায়ে ওয়ালেন্ডা তাঁর বাবাকে বলেন, ‘এই পথ পাড়ি দেওয়া শুধু মানসিক নয়, শারীরিক সামর্থ্যেরও বিষয়। এখানে বাতাসের বিরুদ্ধে টিকে থাকা সহজ কাজ নয়। ঠান্ডায় আমার হাত অসাড় হয়ে আসছে।’ ওয়ালেন্ডার বাবা বলেন, ‘তুমি খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছো। সময় নিয়ে কাজ শেষ করো।’একটা সময় বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই জলপ্রপাত পাড়ি দিতে সক্ষম হন ওয়ালেন্ডার। এ সময় হাজার হাজার মানুষ হাততালি ও হর্ষধ্বনি দিয়ে তাঁকে অভিনন্দিত করেন। এএফপি।