টানাপোড়েন কাটানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান পারস্পরিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তবে দেশ দুটির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো দূরত্ব রয়ে গেছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের অভিযোগ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পর্যাপ্ত শক্তি প্রয়োগ করছে না পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান বলছে, প্রয়োজনীয় সবকিছু করার পরও স্বীকৃতি পাচ্ছে না ইসলামাবাদ।সম্পর্ক উন্নয়নের চেষ্টার অংশ হিসেবে আগস্টের শুরুতেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহির-উল-ইসলাম। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান ডেভিড পেট্রাউসের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ক্যাপিটল হিলে কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তাঁর। জেনারেল জহির এ সফরে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকায় মার্কিন ড্রোন হামলা বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরবেন। সন্ত্রাসবাদ দমনে পর্যাপ্ত শক্তি প্রয়োগ না করার অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত শেরি রেহমান বলেন, পাকিস্তান গত আট মাসে আফগানিস্তানের ন্যাটো ও মার্কিন কমান্ডারদের কাছে ৫২টি স্থানের কথা জানিয়েছে। ওই স্থানগুলো থেকেই মূলত মার্কিন ও ন্যাটো বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। তিনি বলেন, এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের শক্ত অবস্থানের একটি প্রমাণ। পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার সমালোচনা করে শেরি বলেন, ‘রোবটিক যুদ্ধ’ শেষ করার সময় এসেছে। পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের ব্যাপারে কোনো সমঝোতা করা হবে না। তিনি বলেন, সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে ২০০১ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানের সাত হাজার ৮০০ কোটি ডলার ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ দিতে হয়েছে ৪২ হাজার পাকিস্তানিকে। এত কিছুর পরও ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অবদান রাখার সঠিক স্বীকৃতি পাচ্ছে না।আফগান যুদ্ধ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ডগলাস ই লিউট বলেন, পাকিস্তান থেকে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ওপর যে হামলা চালানো হয়, তার চেয়ে আফগানিস্তানে বিভিন্ন স্থানে বিদেশি সেনাদের ওপর তালেবানের হামলা অনেক বেশি ভয়াবহ। পাকিস্তান সেদিকে নজর দেয় না। ডন, পিটিআই।