টি-পার্টি আন্দোলনের জবাবে ওয়াশিংটনে বিশাল সমাবেশ
যুক্তরাষ্ট্রে প্রগতিশীল হিসেবে পরিচিত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা গত শনিবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল ও সংলগ্ন ন্যাশনাল মল এলাকায় বিশাল সমাবেশের আয়োজন করে। মূলত প্রেসিডেন্ট বারাক ওবামার বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচির প্রতি সমর্থন ও রিপাবলিকান দলের অতি-রক্ষণশীলদের গড়ে তোলা টি-পার্টি আন্দোলনের জবাবে এই সমাবেশের আয়োজন করা হয়।‘ওয়ান নেশন ওয়ার্কিং টুগেদার’ নামের এই সমাবেশের আয়োজকেরা জানিয়েছেন, দেশের বেশির ভাগ নাগরিক কোন নীতির সমর্থক, তা তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে উদারপন্থীদের এই ধরনের সমাবেশ এটিই প্রথম। এক মাস আগে একই স্থানে রক্ষণশীলেরা সমাবেশ করে।উদারপন্থীদের এই সমাবেশের আয়োজকদের অন্যতম ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের (এনএএসিপি) সভাপতি বেঞ্জামিন জেলাস বলেন, ‘সব শ্রেণীর, সব পেশার মানুষ এই সমাবেশে প্রতিনিধিত্ব করছে।’ নিউইয়র্ক থেকে ক্যাবচালক, ওকলাহোমা থেকে ট্রাকচালকসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তমনা মানুষ ছুটে এসেছে এই সমাবেশে যোগ দিতে। দেশকে ঐক্য ও আশাবাদের পথে এগিয়ে নিতে এবং বিভক্তি থেকে দূরে সরিয়ে আনতেই তাঁদের এই অংশগ্রহণ।যুক্তরাষ্ট্রে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য এড শো’র উপস্থাপক এড শুলজ টি-পার্টি ও রক্ষণশীলদের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা সংবিধানের দোহাই দেয়, কিন্তু নিজেরাই সেটা মানতে চায় না। তারা পূর্বপুরুষদের উদাহরণ টানে, কিন্তু বৈষম্যের পক্ষে কথা বলে। তারা দেশকে বদলে দিতে চায়।’চার শতাধিক সংগঠন এই সমাবেশে অংশ নেয়। আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক লাখ ৭৫ হাজার নারী-পুরুষ এতে উপস্থিত ছিলেন। তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। অংশগ্রহণকারীরা চার ঘণ্টার বেশি সময় ধরে বক্তৃতা, গান ও নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। শনিবার সকাল থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে লোকজন সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেন। দুপুরের দিকেই ন্যাশনাল মল এলাকা কানায় কানায় ভরে ওঠে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার সংগঠন, শ্রমিক সংগঠন, ধর্মীয় গোষ্ঠী, সমকামী সংগঠন, ছাত্র ও উদারনৈতিক ঘরানার লোকজনের ব্যাপক সমাগম ঘটে। তাঁরা প্রেসিডেন্ট ওবামার সমর্থনে প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করে।আসছে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন উত্তপ্ত। ব্যাপক প্রতিশ্রুতি ও জনপ্রিয়তা নিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন। কিন্তু দুই বছর না যেতেই তাঁর জনপ্রিয়তা এখন নানা প্রশ্নের সম্মুখীন। অর্থনৈতিক মন্দা, বেকারত্বসহ বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে প্রচার-অপপ্রচারে রক্ষণশীলেরা এখন অনেক এগিয়ে। সাম্প্রতিক একাধিক জনমত জরিপে দেখা গেছে, মধ্যবর্তী নির্বাচনে জনসমর্থন ক্রমশই ডেমোক্র্যাটদের প্রতিকূলে চলে যাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল মার্কিন আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে অনেক বিশ্লেষকই ধারণা করছেন। তাঁদের মতে, কংগ্রেসে রিপাবলিকানদের আধিপত্য বৃদ্ধি পাওয়ার মানে ওবামার সব সংস্কার উদ্যোগ থমকে যাওয়া। গত দেড় বছরে ‘টি-পার্টি’ নামের আন্দোলন শুরু করেছে বিরোধী রিপাবলিকান দলের অতি-রক্ষণশীল অংশ। ধারণা করা হচ্ছে, মধ্যবর্তী নির্বাচনে রক্ষণশীলদের উত্থানে ‘টি-পার্টি’ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।