রাষ্ট্রীয় বা সরকারি কাজের সঙ্গে পরিপাটি পোশাকের একটা সম্পর্ক রয়েছে। বিশেষ করে তা যদি হয় পার্লামেন্টের ভেতরকার কোনো কর্মকাণ্ড, তাহলে অলিখিতভাবেই পরিপাটি পোশাকে হাজির থাকা অবশ্যকরণীয়। কিন্তু অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের প্রাদেশিক পার্লামেন্টে গতকাল বৃহস্পতিবার কয়েকজন সাংসদ এমন কাণ্ড ঘটিয়েছেন, যা দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। রীতিমতো টি-শার্ট আর শর্টস পরে খালি পায়ে দৌড়াতে দৌড়াতে তাঁরা সেখানে হাজির হন।
খনি ব্যবসা কোম্পানিগুলোকে পানি উত্তোলনের লাইসেন্স দেওয়ার প্রশ্নে বিতর্ক শেষে ভোটের জন্য কুইন্সল্যান্ডের পার্লামেন্টে হঠাৎ করেই গতকাল স্থানীয় সময় রাত আড়াইটার দিকে অধিবেশন ডাকা হয়। কয়েকজন সাংসদের পোশাক দেখে বোঝাই যায়, অধিবেশনের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তাঁরা। কাজেই যার যা পরনে ছিল, তা-ই নিয়েই স্কুল-বালকের মতো দৌড়াতে দৌড়াতে পার্লামেন্টে নিজ নিজ আসনে গিয়ে বসে পড়েন তাঁরা।
সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিরোধী লিবারেল ন্যাশনাল পার্টির এক সাংসদ কুইন্সল্যান্ডের ফুটবল দলের জার্সি আর শর্টস পরে খালি পায়ে চলে এসেছেন। অপর একজন শার্ট পরার সুযোগ হয়তো পেয়েছিলেন, কিন্তু প্যান্ট আর পরা হয়নি। হার্ভে বের দীর্ঘদিনের সাংসদ টেড সরেনসেন তো বুক খোলা জ্যাকেট পরেই চলে যান। ভেতরে যে একটা শার্টও পরা দরকার, সেদিকে খেয়াল ছিল না তাঁর। আর এসব দেখে হাততালি আর হাসিতে ফেটে পড়েন কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আন্নাসতাসিয়া পালাশচুক সরকারের শ্রমমন্ত্রী কেট জোনস।