টিটিপির দ্বিতীয় শীর্ষ নেতা মেহসুদ আটক
মার্কিন সেনারা পাকিস্তানি তালেবানের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা লতিফ মেহসুদকে আটক করেছে। গত শুক্রবার ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এ ঘটনাকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জন্য এক বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মেরি হার্ফ বলেন, ‘আমি এটা নিশ্চিত করতে পারি যে মার্কিন বাহিনী একটি সামরিক অভিযানে সন্ত্রাসী নেতা লতিফ মেহসুদকে পাকড়াও করেছে।’ মুখপাত্র হার্ফ তাঁকে টিটিপির একজন শীর্ষ নেতা বলে উল্লেখ করেন। তিনি এ অভিযানের সময় বা ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, আটক মেহসুদ এখনো আফগানিস্তানেই আছেন।
এ দিকে আফগানিস্তানের লোগার প্রদেশের গভর্নর আরসালাহ জামাল শুক্রবার বলেন, একটি প্রধান মহাসড়ক দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় মেহসুদকে আটক করা হয়। আর একটি বার্তা সংস্থার খবর অনুযায়ী টিটিপি বলেছে, ৫ অক্টোবর পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশের গোলাম খান সীমান্ত ক্রসিংয়ে মেহসুদকে ধরে ফেলে আফগান সেনারা।
এদিকে শুক্রবার ওয়াশিংটনে প্রকাশিত এক খবর অনুযায়ী, মার্কিন সেনারা আফগান বাহিনীর কাছ থেকে মেহসুদকে ছিনিয়ে নেন। শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য আফগান গোয়েন্দারা বেশ কয়েক মাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আসছিলেন। ডন ও এএফপি।