টিটিপির সঙ্গে ফের আলোচনা শুরু
পাকিস্তানের তালেবান জঙ্গিদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা আবার শুরু হয়েছে। গতকাল বুধবার দুই পক্ষের প্রতিনিধিদল উত্তর-পশ্চিম পাকিস্তানের আকোরা খাত্তাক শহরে বৈঠক করে। সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তাদের ঘোষণার পর গত সোমবার ইসলামাবাদের একটি আদালতে ভয়াবহ হামলা চালায় টিটিপিরই একটি বিদ্রোহী গোষ্ঠী। ওই হামলায় একজন বিচারকসহ অন্তত ১১ জন নিহত হন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত জানুয়ারি মাসে টিটিপির সঙ্গে শান্তি আলোচনায় বসার ঘোষণা দেন। গত মাসে আলোচনা শুরু হয় কিন্তু এখন পর্যন্ত সমঝোতা হয়নি। জঙ্গি হামলাও বন্ধ হয়নি। এ সময়ের মধ্যে বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১১০ জন নিহত হন।
২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে ট্রাকবোমা হামলার পর সোমবার রাজধানীতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটল।
বৈঠক শুরুর আগে সরকারের প্রতিনিধিদলের একজন মুখপাত্র জানান, বৈঠকের উদ্দেশে তাঁরা পেশোয়ার থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে আকোরা খাত্তাক শহরে পৌঁছান। তালেবান প্রতিনিধিদলটির সঙ্গে আলাপকালে সোমবার ইসলামাবাদে আদালতে হামলার বিষয়টিও তোলা হবে। এ ছাড়া অস্ত্রবিরতি কার্যকরের বিষয়েও আলোচনা হবে।
গত মাসে দুই পক্ষের আলোচনা শুরু হয়। কিন্তু জঙ্গিরা ২৩ সেনাকে অপহরণ শেষে হত্যার পর আলোচনা ভেস্তে যায়। এএফপি।