টিনটিনের প্রচ্ছদের মূল্য ১৬ লাখ ডলার
জনপ্রিয় কমিক সিরিজ টিনটিনের একটি দুর্লভ প্রচ্ছদচিত্র নিলামে ১৬ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। টিনটিন ইন আমেরিকা নামের ওই কমিক বইয়ের প্রচ্ছদচিত্রটি ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শনিবার নিলামে তোলা হয়।টিনটিন সিরিজের কোনো প্রচ্ছদচিত্রের নিলামে এখন পর্যন্ত এটিই ছিল সর্বোচ্চ মূল্য। টিনটিনের একজন সংগ্রাহক প্রচ্ছদচিত্রটি বিক্রি করেছেন। এটি ২০০৮ সাল থেকে তাঁর কাছে ছিল। প্রচ্ছদচিত্রটি যিনি কিনেছেন, তাঁর নাম প্রকাশ করা হয়নি। টিনটিন নামের জনপ্রিয় কিশোর সাংবাদিক চরিত্রের স্রষ্টা ছিলেন বেলজিয়ামের লেখক ও চিত্রশিল্পী হার্জ (১৯০৭-১৯৮৩)। তাঁর প্রকৃত নাম জর্জেস রেমি। টিনটিন ইন অ্যামেরিকা ১৯৩৪ সালে প্রথম প্রকাশিত হয়। প্রচ্ছদের ছবিটি আঁকতে শিল্পী জলরং ও কালি ব্যবহার করেন।হার্জের আঁকা প্রচ্ছদচিত্রগুলোর পাঁচটি এখনো সংরক্ষিত রয়েছে। নিলামে ওঠা ওই প্রচ্ছদচিত্রে টিনটিনকে কাউবয়ের পোশাকে একটি পাথরের ওপর বসে থাকতে দেখা যায়। তার পাশে স্নোয়ি নামের একটি কুকুর, পেছনে দুজন রেড ইন্ডিয়ান। এএফপি ও বিবিসি।