টিভি চ্যানেলে মোদির সাক্ষাৎকার নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার সম্প্রচার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তাঁর ওই ‘পাতানো’ সাক্ষাৎকার নিয়ে পদত্যাগ করেছেন ইন্ডিয়া টিভির সম্পাদকীয় বোর্ডের পরিচালক কামার ওয়াহিদ নাকভি। এ ঘটনা ভারতের রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়াচ্ছে।
ক্ষমতাসীন কংগ্রেস বলেছে, বিজেপি সাংবাদিকদের কীভাবে চাপে রাখছে, এ ঘটনা তার একটি প্রমাণ। বিষয়টি নিয়ে কংগ্রেস নির্বাচন কমিশনেও নালিশ করেছে। ‘সাহসিকতা’র জন্য নাকভিকে সাধুবাদ জানিয়েছে আম আদমি পার্টির (এএপি) নেতারা।
নাকভি ১৩ এপ্রিল পদত্যাগ করেন। এর আগের দিন সন্ধ্যায় মোদির সাক্ষাৎকার নিয়ে ‘আপ কি আদালত’ নামের অনুষ্ঠান সম্প্রচার করে ইন্ডিয়া টিভি। চ্যানেলটির চেয়ারম্যান শর্মা সাক্ষাৎকারভিত্তিক এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন।
মুঠোফোনে ও ই-মেইলের মাধ্যমে নাকভির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য তিনি গত মঙ্গলবার টুইটারে যে মন্তব্য করেছেন, তা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কংগ্রেস ও এএপির বিভিন্ন মন্তব্যের ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া বলেই মনে করা হচ্ছে। নাকভি লিখেছেন, ‘আমার পদত্যাগের বিষয়টি এড়িয়ে চলতে রাজনীতিকদের প্রতি আমি অনুরোধ করছি।’
ইন্ডিয়া টিভির সূত্র জানায়, মোদির প্রতি টেলিভিশন চ্যানেলটির পক্ষপাতের বিষয়টি এর সংবাদেই স্পষ্ট। রাহুল গান্ধী বা অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারে ১০টা নেতিবাচক প্রতিবেদন সম্প্রচার করা হলে, মোদির বিরুদ্ধে করা হয় একটি। বিভিন্ন সময় চেয়ারম্যানের সিদ্ধান্তে নাকভি আপত্তিও তোলেন। এমনকি নাকভি চ্যানেলটিতে যোগ দেওয়ার সময়ও এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তখন তাঁকে আশ্বস্ত করা হয়েছিল, ইন্ডিয়া টিভি নিরপেক্ষ সংবাদভিত্তিক চ্যানেল হতে চায়।
রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে চ্যানেলের চেয়ারম্যান শর্মা বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে বিশেষ অনুষ্ঠান আপ কি আদালত চালাচ্ছি। এ জন্য কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর পাশাপাশি নরেন্দ্র মোদিরও সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি...মোদিকে আমরা পেয়েছি। অন্যদের আমরা পাইনি।’ টাইমস অব ইন্ডিয়া।