টুইটার-ফ্ল্যাশ মব নিয়ে বিপাকে থাই জান্তা?

প্রচলিত পুরোনো কায়দায় থাইল্যান্ডের ক্ষমতা নিজেদের দখলে নিয়েছে সামরিক জান্তা। শুরু করেছে ব্যাপক ধরপাকড়। তা থেকে বাদ যাননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাও। রাজপথের বিক্ষোভ-মিছিল দমনেও সতর্ক তারা। তবে সামাজিক যোগাযোগের এই যুগে জান্তা এসব করে শেষ রক্ষা করতে পারবে কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইট যেমন—ফেসবুক-টুইটারের শক্তি সম্পর্কে থাইল্যান্ডের সামরিক জান্তার ধারণা আপাতত কম বলে মনে করা হচ্ছে। এই মাধ্যমে কতটা দ্রুতগতিতে বিশ্বব্যাপী তথ্য চলে যায়, এ ব্যাপারে সম্ভবত স্বচ্ছ ধারণা নেই তাদের। যেকোনো ঘটনার মোড় বদলে দেওয়ার ক্ষমতা এই মাধ্যমের অত্যন্ত জোরালো।
এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে ফ্ল্যাশ মব। একদল মানুষ হুট করে কোথাও জড়ো হয়ে প্রতিবাদ জানিয়ে আবার দ্রুত হাওয়া হয়ে যায়, এটাই ফ্ল্যাশ মবের বৈশিষ্ট্য। থাইল্যান্ডে সেনাশাসন জারির প্রতিবাদে বিক্ষোভকারীরা ফ্ল্যাশ মবের মাধ্যমে প্রতিবাদ জানাতে শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে বিক্ষোভকারীরা দ্রুত কোথাও জড়ো হয়ে প্রতিবাদ জানিয়ে সটকে পড়ছে।
থাইল্যান্ডে টানা ছয় মাসের রাজনৈতিক সংকটের পর ২০ মে সামরিক আইন জারির ঘোষণা দেয় সেনাবাহিনী৷ এরপর ২২ মে তারা দেশের ক্ষমতা দখলের ঘোষণা দেয়৷এর পরের দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে আটক করে সামরিক জান্তা। ইতিমধ্যে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাপ্রধান জেনারেল প্রাইউথ শান-ওশা দেশ পরিচালনায় রাজার সমর্থন পেয়েছেন। সমর্থন পেয়েই তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে কড়াভাবে হুঁশিয়ার করেন, সামরিক আইন লঙ্ঘন করে বিক্ষোভ করলে সামরিক আদালতে বিচার হবে।
অভ্যুত্থানের পর রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, দেশীয় গণমাধ্যমের বাকস্বাধীনতায় কড়াকড়ি, কেবল নিউজ নেটওয়ার্ক ব্লক করে দেওয়া ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র জব্দ করছে সামরিক জান্তা। তবে প্রচলিত রাজনৈতিক মিছিলের চেয়ে বিক্ষোভকারীদের করা ভিন্ন ধারার ফ্ল্যাশ মব কীভাবে সামাল দেবে, তা নিয়ে ভাবার অবকাশ আছে জান্তার।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আরব বসন্তের সময় ব্যাপক সাড়া ফেলেছিল। তবে এসব মাধ্যমের ব্যবহার এখন আরও পরিণত হয়েছে। প্রযুক্তিজ্ঞানেও এই কয়েক বছরে সমৃদ্ধ হয়েছে ব্যবহারকারীরা। যার পূর্ণ ব্যবহার হচ্ছে থাইল্যান্ডে। বিক্ষোভকারীরা সমবেত হওয়ার জায়গাগুলো টুইটারে টুইট করছে, একইভাবে জানিয়ে দিচ্ছে পুলিশ বা সেনা টহলের অবস্থা; ফলে অন্যরা দ্রুতই আন্দোলনে শরিক হওয়ার প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাচ্ছে।
নাম প্রকাশ না করে একজন আন্দোলনকারী বলেন, ‘সেনাশাসনের অবসান না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন এভাবে ছোট আকারে বিক্ষোভ করে যাব। জনগণ আর ভীত নয়। আমরা লড়াই অব্যাহত রাখব।’
সামরিক জান্তা পাঁচজনের বেশি ব্যক্তির একসঙ্গে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সামরিক বাহিনীর মুখপাত্র উইনথাই সুভারী টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বলেন, ‘এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না। তাই আমরা জনগণকে জমায়েত এড়িয়ে চলার জন্য বলছি।’
থাই বিক্ষোভকারীরা সামরিক জান্তার এই ঘোষণার ফাঁকফোকর বের করেই ফ্ল্যাশ মব করছে। একেকজন একেক জায়গা থেকে নিজেদের মতো করে আন্দোলনস্থলের আশপাশে আসছে। তারপর অবস্থা বুঝে ঝটপট ১০০-২০০ জন দাঁড়িয়ে গিয়ে বিক্ষোভ করে নিজেরাই ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। টুইটার আর ফ্ল্যাশ মবের সমন্বয়ে নতুন এই আন্দোলন কীভাবে রুখবে জান্তা?