টুইটারে বিশ্বের ক্ষমতাবান নেতার মধ্যে মোদি ষষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ছয়জন রাজনীতিবিদের মধ্যে ঢুকে পড়েছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ইকোনমিকস টাইমসের৷
ষোড়শ লোকসভা নির্বাচনে প্রচার চালানোর সময় প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদির নাম ঘোষণার পরপরই হু হু করে বাড়তে থাকে টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা। টুইটারে মোদির অনুসারীর সংখ্যা এখন ৪২ লাখ ৪০ হাজার ৬৪৩৷
টুইটারে সবচেয়ে ক্ষমতাবান বিশ্বনেতা হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ দ্বিতীয় স্থানে আছেন ভ্যাটিকানের প্রধান পোপ ফ্রান্সিস৷ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো রয়েছেন তৃতীয় অবস্থানে৷ চতুর্থ স্থানে আছে হোয়াইট হাউসের অ্যাকাউন্ট৷ পঞ্চম স্থানে আছেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল।
নিউইয়র্কভিত্তিক একটি বেসরকারি গবেষণা সংস্থার বরাত দিয়ে গতকাল শুক্রবার পত্রিকাটির এক খবরে এ তথ্য জানানো হয়৷