টুপির প্রসঙ্গ উঠতেই খেপে গেলেন মোদি

ভারতের বেসরকারি চ্যানেল ‘ইন্ডিয়া টিভি’-তে ‘আপ কি আদালত’ নামের একটি অনুষ্ঠান হয়। সেখানে আদালতের আদলে কাঠগড়া বানানো হয়। বিচারকের আসনে একজন বসা থাকেন। কৌঁসুলির ভূমিকায় থাকেন উপস্থাপক। মূল অতিথি থাকেন কাঠগড়ায়। কাঠগড়ার সামনে জনতা হিসেবে থাকেন আমন্ত্রিত দর্শক। উপস্থাপক কাঠগড়ায় বসা ‘আসামিকে’ প্রশ্ন করতে থাকেন। আসামি উত্তর দেন।
গতকাল রোববার রাত ১০টায় ‘আপ কি আদালত’-এর কাঠগড়ায় ‘আসামি’ ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। উপস্থাপক রজত শর্মা কৌঁসুলির ভূমিকায় তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন। প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু সাম্প্রদায়িকতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন মোদি।
মোদি পরিষ্কারভাবে বলেছেন, তাঁকে মিছেমিছি মুসলমানবিদ্বেষী বলা হয়। তিনি নিজে মনেপ্রাণে মুসলমানদের অগ্রগতি দেখতে চান। তিনি বলেছেন, তিনি মনে করেন, টুপি পরা মুসলমানদের এক হাতে কোরআন থাকার পাশাপাশি অন্য হাতে কম্পিউটার থাকা জরুরি। যেসব মুসলমান আধুনিক তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে আছেন, তিনি তাঁদের এগিয়ে আনতে চান বলেও মোদি জানান।
মোদি নিয়ে দুর্ভাবনা
২০০২ সালে গুজরাটের দাঙ্গায় প্রায় তিন হাজার মুসলমান নিহত হওয়ার জন্য মূলত যাঁদের দায়ী করা হয়ে থাকে তাঁদের মধ্যে প্রথমেই নরেন্দ্র মোদির নাম আসে। অনেকেই ওই ঘটনার জন্য তাঁকে ‘গুজরাটের কসাই’ বলে আখ্যায়িত করে থাকেন।
লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। এই বিষয়টি নিয়ে ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশ চিন্তায় আছেন। তাঁদের ভাবনা, মোদি যদি প্রধানমন্ত্রী হয়ে তাঁর সেই আগের নীতিতে অটল থাকেন, সে ক্ষেত্রে তাঁরা বিপন্ন হয়ে পড়বেন। তবে অধিকাংশ বিশ্লেষক মনে করেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে বসলে মোদিকে রাজনৈতিক কারণেই সহিষ্ণুতার পরিচয় দিতে হবে।
টুপি প্রসঙ্গ
২০১১ সালের ২০ সেপ্টেম্বর আহমেদাবাদে বিজেপি ‘সদভাবনা’ নামের একটি সম্মেলনের আয়োজন করে। সেখানে এক সুফিবাদী মুসলিম নেতা মোদিকে একটি টুপি পরিয়ে দিতে গেলে মোদি তা প্রত্যাখ্যান করেন।

কাঠগড়ায় বসা মোদিকে রজত শর্মা ওই প্রসঙ্গে প্রশ্ন করলে মোদি খেপে যান। তবে নিজেকে সংবরণ করে নিয়ে মোদি বলেন, ‘আমি যে সম্প্রদায়ে বাস করছি সেখানে টুপি পরার রেওয়াজ নেই। এ কারণেই আমি তা পরিনি। আমি চাইনি আমার ওই টুপি পরা ছবি নিয়ে প্রতিপক্ষ বিরূপ প্রচার চালাক।’
মুসলমানদের অগ্রগতি কামনা
১২০ কোটি মানুষের দেশ ভারত। মোট জনসংখ্যার ১৩ শতাংশ মুসলমান। বিশ্লেষকদের একাংশ মনে করে, বিজেপির নেতারা আদর্শিকভাবেই মুসলমানবিরোধী মনোভাব পোষণ করেন। এ কারণে বিজেপি ক্ষমতায় গেলে ভারতের রাজনীতির ধর্মনিরপেক্ষ ভিত্তি হুমকির মুখে পড়বে। তবে বিজেপির টিকিট নিয়ে তিন তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া এই সাবেক আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) সদস্য কাঠগড়ায় শপথ করে বলেছেন, তিনি বা তাঁর দল ধর্মীয় বিদ্বেষে বিশ্বাসী নন।
মোদি বলেছেন, চাকরি বাকরি ও শিক্ষাদীক্ষায় ভারতের মুসলমানেরা সেখানকার হিন্দুদের তুলনায় পিছিয়ে আছে। তাঁদের সামনে এগিয়ে আনা দরকার বলে তিনি মত দেন। মোদি বলেন, ‘আমি বিশ্বাস করি যে টুপি পরা লোকগুলোর এক হাতে কোরআন রয়েছে, তাদের অন্য হাতে কম্পিউটার থাকা উচিত।’