টেডি বিয়ারের জন্য হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেডি বিয়ারের জন্য হাসপাতাল চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ছবি: এএফপি
টেডি বিয়ারের জন্য হাসপাতাল চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ছবি: এএফপি

ভাবুন তো, আপনার সন্তানের শখের টেডি বিয়ারটি অসুস্থ। আপনি ও আপনার সন্তান মিলে টেডি বিয়ারকে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক চিকিৎসা দিলেন তাকে। কি, অদ্ভুত মনে হচ্ছে তো?

তবে, এমন অভিনব এক হাসপাতাল চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে শিশুদের শখের পুতুলের। বিষয়টি এবার একটু খুলেই বলা যাক।

পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ইনজেকশন আর নানা পরীক্ষা-নিরীক্ষা নিয়ে শিশুদের মধ্যে বরাবরই একটা ভীতি কাজ করে। অনেক শিশু তো যেতেই চায় না চিকিৎসকের কাছে। শিশুদের মনের এই ভয় দূর করতে দুবাইয়ের ‘দ্য মোহাম্মদ বিন রশিদ ইউনিভার্সিটি অব মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স’ (এমবিআরইউ) চালু করেছে এই বিশেষ হাসপাতাল। হাসপাতালটি তৈরি হয়েছে স্কুলগামী শিশুদের মানসিক অবস্থাকে চিন্তা করে।

এখানে শিশুদের হাতে হাতে দেখানো হচ্ছে চিকিৎসার পদ্ধতিগুলো। দূর করা হচ্ছে চিকিৎসক দেখানো নিয়ে তাদের ভয়ভীতি। হাসপাতালে শিশুদের শখের পুতুলের কখনো সিটি স্ক্যান করানো হচ্ছে, আবার কখনো অস্ত্রোপচারের সময় চেতনানাশক দেওয়া হচ্ছে। পুরো সময় চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে পারে শিশুরা। এমনকি পরীক্ষা-নিরীক্ষার ফলাফলগুলোও শিশুদের সুন্দর করে বুঝিয়ে দেন চিকিৎসকেরা। খেলাচ্ছলে পুরোপুরি শিক্ষণীয় একটি কর্মসূচি এটি।

‘দ্য টেডি বিয়ার হসপিটাল’ তৈরির অন্যতম উদ্ভাবক হেলেন হ্যান্ডারসন বলেন, টেডি বিয়ার হাসপাতাল সংযুক্ত আরব আমিরাতজুড়ে শিশুদের জন্য একটি অনন্য শিক্ষার সুযোগ তৈরি করেছে। এটি একটি মহান উদ্যোগ।