টেমস নদীতে বর্ণাঢ্য নৌ-শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে গতকাল রোববার টেমস নদীতে এক হাজারেরও বেশি নৌকার বর্ণিল শোভাযাত্রা হয়েছে। লন্ডনের ইতিহাসের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন ভাবা হচ্ছে ওই নৌ-শোভাযাত্রাকে। শোভাযাত্রার সময় নদীর দুই তীরে লাখো মানুষের সমাগম ঘটে।দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও গত শনিবার রাত থেকেই টেমস নদীর দুই তীরে ভিড় জমায় উৎসুক হাজার হাজার মানুষ। কাছ থেকে এ আয়োজন দেখার জন্যই মানুষ রাত জেগে প্রস্তুতি নেওয়া শুরু করে।ব্রিটেনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ শোভাযাত্রা শুরু হয়। ফুলে সজ্জিত একটি বিশেষ রাজকীয় নৌকায় করে রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপ শোভাযাত্রায় অংশ নেন। প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন, প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের অন্য সদস্যরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। নৌ-শোভাযাত্রার জন্য টেমসের আলবার্ট ব্রিজ থেকে টাওয়ার ব্রিজ পর্যন্ত ১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন রানি। শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন ধরনের নৌকার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহূত একটি ছোট রণতরি এবং চীনের ড্রাগন নৌকা ছিল। শোভাযাত্রার জন্য নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নৌযাত্রার নিরাপত্তা বিধানের দায়িত্বে ছিল ১৯০টি নৌকা। এ ছাড়া অতিরিক্ত পাঁচ হাজার ৫০০ জন পুলিশ এবং সাত হাজার স্বেচ্ছাসেবক জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল। নৌ-শোভাযাত্রা ছাড়াও গতকাল ব্রিটেনজুড়ে রানির সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উৎসব উদ্যাপনে সাড়ে নয় হাজারেরও বেশি স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হয়। রানির বড় ছেলে প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা লন্ডনের একটি স্ট্রিট পার্টিতে অংশ নেন।যুক্তরাজ্যের রাজতন্ত্রের ইতিহাসে কোনো রাজা বা রানির সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উদ্যাপনের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে মহারানি ভিক্টোরিয়া হীরকজয়ন্তী উৎসব পালনের সৌভাগ্য অর্জন করেছিলেন। বিবিসি, এএফপি।