টেম্পলটন পুরস্কারে ভূষিত হলেন টুটু
দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাবেক আর্চবিশপ ও বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু এ বছর টেম্পলটন পুরস্কারে ভূষিত হয়েছেন। মানুষের মধ্যে ‘ভালোবাসা ও ক্ষমার’ মনোভাব বিকাশে জীবনভর কাজ করে যাওয়ার স্বীকৃতি হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারটির আর্থিক মূলমান ১৭ লাখ ডলার।দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠের জন্য গত শতকের আশির দশকে ৮১ বছর বয়সী এই নেতা বিপুল খ্যাতি অর্জন করেন। ২১ মে লন্ডনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। মানবজীবনে অপার্থিব গুণাবলির উন্নয়নে অবদানের জন্য প্রতিবছর একজন জীবিত ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। গত বছর এই পুরস্কার লাভ করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি পুরস্কার থেকে অর্জিত অর্থ দাতব্য খাতে দান করেছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক টেম্পলটন ফাউন্ডেশন এই পুরস্কার ঘোষণা করে থাকে। ১৯৭৩ সালে প্রথম এই পুরস্কার পান মাদার তেরেসা। এএফপি।