টেলিকম কেলেঙ্কারি, ভারতে আরেক মন্ত্রীর পদত্যাগ
দুর্নীতির অভিযোগ ওঠায় ভারতের বস্ত্রমন্ত্রী দয়ানিধি মরণ গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এনডিটিভি নিউজ চ্যানেলের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।গত বুধবার ভারতের সুপ্রিম কোর্টে দেওয়া পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত টেলিকমমন্ত্রী থাকার সময় মরণ কোম্পানিগুলোর কাছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের (টু-জি স্পেকট্রাম) লাইসেন্স বিক্রির সময় নিজের ঘনিষ্ঠ কোম্পানির পক্ষে সুবিধা নিয়ে থাকতে পারেন। গত বছর মনমোহন সিংয়ের সরকার দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির কারণে ভারতের চার হাজার কোটি ডলার রাজস্বের ক্ষতি হয়েছে।পুলিশের প্রতিবেদনে বলা হয়, মরণ এয়ারসেল টেলিকম গ্রুপের শেয়ার অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করার জন্য এক ব্যবসায়ীকে বাধ্য করেন। অন্য কোম্পানিটি মরণের পরিবারের ঘনিষ্ঠ।মরণ এয়ারসেলের কর্তাব্যক্তি শিবশঙ্করনকে চাপ দিয়ে ভয় দেখিয়ে এয়ারসেলে তাঁর ৭৪ শতাংশ শেয়ার ম্যাক্সিম নামের এক মালয়েশিয়ান কোম্পানির কাছে বেচতে বাধ্য করেছিলেন। গোড়ায় শিবশঙ্কর শেয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় এয়ারসেলের ব্যবসা বাড়ানোর লাইসেন্স আটকে দেওয়া হয়েছিল। কিন্তু বিক্রি করার পরই তিনি লাইসেন্স পেয়ে যান।তার পরই মরণের পারিবারিক সংস্থা সান টিভিতে ম্যাক্সিম লগ্নি করেন ৬০০ কোটি রুপি। দয়ানিধি মরণের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল জয়ললিতার এইআইএডিমকে, বিজেপি ও বাম দলগুলো। মরণ হলেন ডিএমকে দলের দ্বিতীয় মন্ত্রী, যাঁকে একই দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হলো। এর আগে গত নভেম্বর মাসে আরেক সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা একই দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন। রাজাও ডিএমকে পার্টির সদস্য ছিলেন।এনডিটিভি নিউজ চ্যানেল জানায়, ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ও মরণের ডিএমকে পার্টির মধ্যে আলোচনার পর মরণ পদত্যাগ করেন। ডিএমকে ক্ষমতাসীন জোটের একটি শরিক দল। এএফপি, পিটিআই।