টেলিগ্রাম না থাকলেও পৌঁছাবে মনের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিগ্রামে বার্তা পাঠানোর একটি যন্ত্র
টেলিগ্রামে বার্তা পাঠানোর একটি যন্ত্র

নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম; বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম।

টেলিফোন থাকলেও চরিত্র-বৈশিষ্ট্য বদলে যাচ্ছে দ্রুত। ডাক বিভাগের পিয়নের হাতে কাজ নেই, তাদের সেবা যাই যাই অবস্থায়। আর শেষ হতে চলল টেলিগ্রামের যুগ।

টেলিগ্রামের প্রথম লাইনটা চালু হয়েছিল ১৭১ বছর আগে, বেলজিয়ামে। রাজধানী ব্রাসেলস ও উত্তরাঞ্চলের বন্দরনগরী এন্টওয়ার্পের মধ্যে ট্রেন যোগাযোগের জন্য টেলিগ্রামে প্রথম বার্তা প্রেরণ করে বিশ্বে মহা হইচই ফেলে দিয়েছিলেন বিজ্ঞানীরা। ২৯ ডিসেম্বর সেই লাইনে আদান-প্রদান হবে শেষ বার্তা। এরপর বন্ধ হয় যাবে সেই লাইন।

অনেক দেশ তো টেলিগ্রামের ব্যবহার অনেক আগেই বন্ধ করে দিয়েছে। এই দশা হবেই না কেন? আধুনিক প্রযুক্তির ফলে যেখানে আজ মোবাইল ফোনের স্ক্রিনে চাপ দিলেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে চলে যায় বার্তা, সেখানে টেলিগ্রাম ব্যবহার করা অত্যন্ত সেকেলে ও দুর্বোধ্য বিষয়।

আবিষ্কারক দেশ ব্রিটেন টেলিগ্রামের ব্যবহার বন্ধ করেছে আরও ৩৫ বছর আগে, ১৯৮২ সালে। এই দেখাদেখি ২০০৬ সালে যুক্তরাষ্ট্র এবং একসময়ে সবচেয়ে বেশি টেলিগ্রাম ব্যবহারকারী দেশ ভারতও ২০১৩ সালে বন্ধ করে দেয় এই সেবা।

টেলিগ্রাম আবিষ্কার হয় ১৮৩০-এর দশকে। যন্ত্রটির প্রাথমিক সংস্করণ তৈরি করেন ব্রিটিশ নাগরিক ব্যারন শিলিং ভন। তবে আবিষ্কারক হিসেবে বিশ্ব চেনে মার্কিন বিজ্ঞানী স্যামুয়েল মোর্সকে। তিনিই ১৮৩৭ সালে পূর্ণাঙ্গ টেলিগ্রাম আবিষ্কার করেন এবং এর কয়েক বছর পর ১৮৪৪ সালে পরীক্ষামূলকভাবে টেলিগ্রাম পাঠান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওয়াশিংটন থেকে বাল্টিমোরে। এরও দুই বছর পর ১৮৪৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রথম লাইন চালু হয় বেলজিয়ামে। এরপর যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে থাকে এটি। ১৯২৯ সাল নাগাদ বিশ্বব্যাপী প্রায় ২০ কোটি টেলিগ্রামের আদান-প্রদান হয়।

দীর্ঘদিনের ঐতিহ্যের কথা মনে রেখেই এত দিন বেলজিয়ামের ১০ জন ব্যবসায়ী এই সেবা চালু রেখেছিলেন। তাঁদের নির্দিষ্ট কিছু গ্রাহকও ছিলেন। কিন্তু টেলিগ্রামে একটি বার্তা পাঠাতে অনেক বেশি ব্যয় হয়। অত্যধিক ব্যয়ের কারণে এটা থেকে মুখ ফিরিয়ে নেন গ্রাহকেরা। ফলে লাটে উঠেছিল টেলিগ্রাম ব্যবসা। দেশটিতে ২০ শব্দের একটি ফ্লাশ টেলিগ্রামের জন্য ব্যয় হতো ২১ পাউন্ডের বেশি। মোবাইল, হোয়াটস অ্যাপস, ইনস্ট্রাগ্রামে যেখানে অতি অল্প খরচে যত খুশি তত ছবি ও টেক্সট পাঠানো যায়, সেখানে এত ব্যয় করে বার্তা পাঠানো নেহাত বোকামি ছাড়া অন্য কিছু নয়। কিন্তু টেলিফোন আবিষ্কারের আগ পর্যন্ত এর কদরই ছিল আকাশসম।

টেলিগ্রাম মূলত ‘তারবার্তা’ নামে পরিচিত ছিল। জরুরি খবর, মৃত্যুর সংবাদ বা গুরুত্বপূর্ণ ভালো খবরের জন্য ‘তার’ পাঠানোর এ সুবিধা চালু ছিল দীর্ঘদিন ধরেই। যুদ্ধক্ষেত্র থেকে তথ্য, কূটনৈতিক তৎপরতা পাঠানোর জন্যও এটা গ্রাহক সমাদর পায়।

অনেকেই মনে করছেন, বেলজিয়ামের মাধ্যমেই হয়তো শেষ হতে চলেছে টেলিগ্রামের যুগ। টেলিগ্রাম না থাকলেও ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামের এই যুগে বন্ধুর কাছে মনের খবর ঠিকই পৌঁছাবে; আরও দ্রুত।