টেলিফোন বুথে বসবাস
কোথায় তাঁর বাড়ি, কী তাঁর পরিচয় কেউই তা জানেন না। জানতে চাইলেও কোনো জবাব নেই। তবে সবাই একটা বিষয় জানেন, তাঁর সার্বক্ষণিক বসবাস টেলিফোন বুথে। দিনেরবেলা টেলিফোন বুথে ঘুম, রাত হলে সেখান থেকে বেরিয়ে খাবারের সন্ধানে ছোটাছুটি। বিগত দুই বছর ধরে এভাবেই চলছে তাঁর।চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের ঘটনা এটি। বান্দাও মর্নিং পোস্ট জানিয়েছে, দুই বছর ধরে ওই ব্যক্তি একটি টেলিফোন বুথেই বসবাস করছেন। তিনি কোনো পরিচয় দিচ্ছেন না। কারও সঙ্গে কথা বলছেন না। দিনেরবেলা তিনি বুথেই ঘুমিয়ে কাটিয়ে দেন। রাত হলে খাবারের সন্ধানে বেরিয়ে পড়েন। পত্রিকাটি বলেছে, টেলিফোন বুথের মধ্যে একটি গদি বসিয়েছেন ওই ব্যক্তি। তাতেই ঘুমান তিনি। আয়েশিভাবে থাকার জন্য তিনি সেখানে আরও বেশ কিছু জিনিসপত্র জড়ো করেছেন। খাবার রাখার জন্য একটি বাক্স সংগ্রহ করেছেন। সুপেয় পানীয়ও এনেছেন। বুথের উপরের দিকে রাখছেন জামাকাপড়। টেলিফোন বুথটির পার্শ্ববর্তী একটি বাড়ির তত্ত্বাবধায়ক বলেছেন, লোকটি টেলিফোন বুথে থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সচেতন। তাঁর থাকার স্থান স্বাস্থ্যসম্মত। তিনি গণশৌচাগার ব্যবহার করেন। তত্ত্বাবধায়ক বলেন, ‘পুরোনো ও তালি দেওয়া পোশাক পরলেও লোকটি দেখতে খুবই পরিচ্ছন্ন। মাঝেমধ্যে তিনি আয়নায় গোঁফ দেখেন। আয়না দেখার সময় নিজে নিজে কথা বলেন। তবে তিনি কখনো অন্য কারও সঙ্গে কথা বলেন না।’তত্ত্বাবধায়ক আরও বলেছেন, ‘আমরা প্রায়ই তাঁকে খাবার দিতে চেয়েছি। কিন্তু তিনি কিছুতেই তা নেননি।’দালিয়ান শহরের কেন্দ্রস্থলে ব্যস্ততম জংশন মোড়ে টেলিফোন বুথটি অবস্থিত। কৌতূহলী পথচারীরা তাঁকে প্রায়ই ঘিরে ধরেন। কিন্তু তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেন না তিনি; কারও সঙ্গেই কথা বলেন না। স্থানীয় এক শ্রমিক বলেন, ‘আমরা তাঁর পরিবার সম্পর্কে জানার চেষ্টা করেছি। তাঁকে পরিবারের কাছে ফেরত পাঠাতে চেয়েছি। কথা না বলায় আমরা যে তাঁকে কীভাবে সাহায্য করতে পারি তাও জানতে পারছি না।’ অরেঞ্জ অনলাইন।