টেস্টটিউব শিশুর জনক আর নেই
টেস্টটিউব শিশুর জনক হিসেবে পরিচিত ব্রিটিশ বিজ্ঞানী স্যার রবার্ট এডওয়ার্ড মারা গেছেন। দীর্ঘদিন অসুখে ভোগার পর গত বুধবার তিনি ঘুমের মধ্যে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।টেস্টটিউবে শিশুর জন্মদান পদ্ধতি কৃত্রিম নিষেকক্রিয়া বা আইভিএফ নিয়ে স্যার এডওয়ার্ড কাজ শুরু করেন পাঁচ দশকের বেশি সময় আগে। তাঁর গবেষণার সফলতাস্বরূপ তাঁর হাত ধরেই ১৯৭৮ সালে পৃথিবীর মুখ দেখে বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউন। এই অবদানের জন্য ২০১০ সালে বিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি। এই গবেষণায় তাঁর সহযোগী ছিলেন প্যাট্রিক স্টেপটোয়ে।রবার্ট এডওয়ার্ডের জন্ম ১৯২৫ সালে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের একটি শ্রমজীবী পরিবারে। দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন। যুদ্ধ শেষে সেনাবাহিনী থেকে ফেরার পর তিনি প্রথমে কৃষিবিজ্ঞান এবং পরে প্রাণীর বংশগতিবিষয়ক বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন।প্রাথমিক পর্যায়ের গবেষণায় তিনি দেখতে পান, টেস্টটিউবের মধ্যে খরগোশের ডিম্বকোষ ও শুক্রাণু নিষেক করা সম্ভব। এই পদ্ধতিই তিনি পরবর্তী সময়ে মানুষের জন্য কাজে লাগানোর চেষ্টায় লেগে যান। ১৯৬৮ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তিনি প্রথম প্রত্যক্ষ করেন গর্ভাশয়ের বাইরে টেস্টটিউবে মানুষের ডিম্বাণু ও শুক্রাণুর কৃত্রিম মিলনের পাঁচ থেকে ছয় দিনের মাথায় ভ্রূণের জন্ম হচ্ছে।ওই দৃশ্য দেখার প্রথম দিনটির কথা স্মরণ করে পরবর্তী সময়ে একসময় এডওয়ার্ড বলেছিলেন, ‘ওই দিনটিকে আমি কখনোই ভুলতে পারব না, যেদিন প্রথম মাইক্রোস্কোপের নিচে ভ্রূণের অস্তিত্ব দেখলাম। মাইক্রোস্কোপে চোখ রেখে নিচের দিকে তাকিয়ে দেখলাম, মানব ভ্রূণ আমার দিকে চেয়ে আছে। আমার মনে হলো, হ্যাঁ, আমরা পেরেছি।’স্যার এডওয়ার্ডের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রথম টেস্টটিউব শিশু লুইস ব্রাউন। তিনি বলেন, ‘রবার্ট এডওয়ার্ডকে আমি সব সময় আমার একজন দাদার মতোই দেখে এসেছি। তিনি এবং তাঁর সহযোগী প্যাট্রিক স্টেপটোয়ের অবদান বিশ্বের লাখ লাখ মানুষের মুখে হাসি আর মনে শান্তি এনে দিয়েছে। এই দুজন মানুষের কল্যাণেই তাঁরা বাবা-মা হতে পারছে।’লুইস ব্রাউন আরও বলেন, ‘আমি খুশি যে তিনি দীর্ঘ জীবন পেয়েছেন। নিজের কাজের অবদানস্বরূপ নোবেল পুরস্কার পাওয়া পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তবে তিনি বেঁচে রইবেন বিশ্বজুড়ে যে অসংখ্য টেস্টটিউব শিশু জন্মাচ্ছে, তাদের মধ্যে।’ বিবিসি।