টোকিওতে ২৫টি দেশের দূতাবাস সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার ঝুঁকি বাড়তে থাকায় বিশ্বের ২৫টি দেশ টোকিওতে তাদের দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেয়াকি মাতসুমোতো গত বুধবার এ কথা জানিয়েছেন। এ ছাড়া টোকিওর ট্যাপের পানি শিশুদের জন্য নিরাপদ নয় বলে সরকারের ঘোষণার পর উদ্বিগ্ন হয়ে পড়েছে টোকিও ও আশপাশের কয়েকটি শহরের লোকজন।মাতসুমোতো এ তথ্য জানানোর পর জার্মানি, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডও তাদের দূতাবাস বন্ধ বা সরিয়ে নেওয়ার কথা জানায়।এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সাময়িকভাবে বন্ধ ঘোষিত দূতাবাসগুলোর মধ্যে আটটি টোকিও বা জাপানের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। ওই মুখপাত্র জানান, বাকি দূতাবাসগুলোর কর্মকর্তারা টোকিওতে আছেন এবং তাঁরা বিকল্পভাবে কাজ করার চেষ্টা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাঁদের সঙ্গে সব ধরনের যোগাযোগ রাখছে এবং কূটনৈতিক তথ্য আদান-প্রদান করছে।’বন্ধ করে দেওয়া বা সরিয়ে নেওয়া দূতাবাসগুলোর মধ্যে আছে অ্যাঙ্গোলা, বাহরাইন, বেনিন, বতসোয়ানা, বুরকিনা ফাসো, ক্রোয়েশিয়া, ডোমেনিকান রিপাবলিক, ইকুয়েডর, ফিনল্যান্ড, জার্মানি, ঘানা, গুয়েতেমালা, কেনিয়া, কসোভো, লেসেথো, লাইবেরিয়া, লিবিয়া, মালাওয়ি, মৌরিতানিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, পানামা ও সুইজারল্যান্ড। এর মধ্যে সুইজারল্যান্ড তাদের দূতাবাস টোকিও থেকে অস্থায়ীভাবে ওসাকাতে সরিয়ে নিয়েছে।এর আগে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের টোকিও দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যরা চাইলে জাপান থেকে চলে আসতে পারে বা টোকিওর বাইরে অন্য কোথাও চলে যেতে পারে।এদিকে তেজস্ক্রিয়তার কারণে টোকিওর পানি শিশুদের জন্য পান করা নিরাপদ নয় বলে সরকারিভাবে ঘোষণা দেওয়ার পর টোকিও ও আশপাশের কয়েকটি শহরের বাবা-মায়েরা তাঁদের বাচ্চাদের জন্য বোতলজাত পানি সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছেন।গত বুধবার সরকারিভাবে জানানো হয়, টোকিওর ট্যাপের পানিতে তেজস্ক্রিয় আয়োডিনের মাত্রা এখন ১৩১, যা এক বছরের কম বসয়ী শিশুদের জন্য নিরাপদ মাত্রার দ্বিগুণ। তবে বয়স্ক মানুষের জন্য ওই পানি এখনো হুমকি নয়।টোকিওর প্রায় ৮০ হাজার বাড়িতে শিশুদের জন্য বোতলজাত পানি সরবরাহের পরিকল্পনা করছে সরকার। তবে মানুষের মধ্যে আরও উদ্বেগ আছে। তারা জানতে চাইছে, তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকায় শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানো বা ট্যাপের পানিতে গোসল করানো ঠিক হবে কি না। তবে এ ব্যাপারে এখনো সরকারিভাবে পরিষ্কার করে কিছু বলা হয়নি।এদিকে জাপান থেকে দুগ্ধজাত সামগ্রী, সবজি, মাছসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ বা কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। দেশগুলোর মধ্যে আছে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও হংকং।