টোকিওর মিত্রকে রক্ষায় কাজ করবে যুক্তরাষ্ট্র ও জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্রমণের শিকার টোকিওর কোনো বন্ধুপ্রতিম দেশকে রক্ষায় শক্তি প্রয়োগের প্রয়োজন হলে জাপান ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করতে সম্মত হয়েছে। প্রায় দুই দশকের মধ্যে এই প্রথমবার গতকাল বুধবার দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নির্দেশিকা হালনাগাদ করা হলো। খবর রয়টার্সের।
হালনাগাদ করা নির্দেশিকায় বলা হয়, জাপানের নিরাপত্তাব্যবস্থার কোনো ধরনের অবনতি ঠেকাতে এ দুটি দেশের সরকার ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র জাপানকে সহযোগিতা দিতে বাধ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিবর্তিত পরিস্থিতিতে জাপানের সামরিক বাহিনীর বহির্বিশ্বে লড়াই করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তার অবসান ঘটাতে গত জুলাইয়ে প্রধানমন্ত্রী শিনজো আবে সংবিধানের সংশ্লিষ্ট ধারার নতুন ব্যাখ্যা দেন। তাঁর ওই পদক্ষেপের সূত্র ধরে দুই মিত্র দেশের মধ্যে নতুন এই সম্পর্কের সূচনা হলো।
টোকিও ও ওয়াশিংটন আরও বলছে, জাপানের নিরাপত্তা বিধান এবং মহাশূন্য ও ইন্টারনেটের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য তারা একটি নিরাপত্তাবলয় তৈরি করবে।