ট্যাক্সিচালক সেজে রাস্তায় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখে সানগ্লাস আর পরনে গাড়িচালকদের নির্ধারিত পোশাক। রাজধানী অসলোর রাজপথে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। আর ট্যাক্সিতে ওঠা যাত্রীরা দেশের পরিস্থিতি নিয়ে কী মন্তব্য করছেন, তা তিনি মনোযোগ দিয়ে শুনছেন। এই ট্যাক্সিচালক আর কেউ নন, তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ!ট্যাক্সিতে চলার সময় জনসাধারণ দেশের পরিস্থিতি নিয়ে খোলাখুলি নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। আলোচনা করেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে। বিষয়টি ভালো করেই জানেন স্টলটেনবার্গ। এই চিন্তা থেকেই গত জুনের এক বিকেলে ট্যাক্সিচালকের ছদ্মবেশ নিয়ে অসলোর রাস্তায় বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ। যতই ছদ্মবেশ ধরেন, যাত্রীদের চোখকে ফাঁকি দিতে পারেননি প্রধানমন্ত্রী। ট্যাক্সির কিছু যাত্রী তাঁকে চিনে ফেলেন। মানুষের সঙ্গে ছদ্মবেশী প্রধানমন্ত্রীর এই আলাপ-আলোচনা একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সহায়তায় গোপন ক্যামেরায় ধারণ করা হয়। সেই ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে স্টলটেনবার্গের ফেসবুক পাতায়। এসব ছবি নিয়ে একটি চলচ্চিত্রও নির্মাণ করা হবে। তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়েই এ ধরনের প্রচার শুরু করেছেন।ট্যাক্সির যাত্রীরা শুরুতে বুঝতেই পারেননি তাঁরা কার ট্যাক্সিতে উঠেছেন। কিন্তু ট্যাক্সিতে ব্যতিক্রমী কিছু একটা হচ্ছে—ব্যাপারটা অধিকাংশ যাত্রীই দ্রুত টের পেয়ে যান। এক যাত্রী তো চালককে বলেই ফেলেন, ‘এই কোনা থেকে আপনার চেহারাটা স্টলটেনবার্গের মতো দেখাচ্ছে।’আরেক যাত্রী স্টলটেনবার্গকে বলেন, তাঁর সঙ্গে এভাবে দেখা হওয়ায় ভালোই হয়েছে। কারণ, তিনি (যাত্রী) প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর পরিকল্পনা করেছিলেন। যাত্রীদের অধিকাংশের সঙ্গে আলোচনায় রাজনীতির প্রসঙ্গ চলে আসে। তাঁদের কারও কাছ থেকেই ট্যাক্সির ভাড়া নেওয়া হয়নি।প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেন, জনগণের ভাবনা শোনার ব্যাপারটি সত্যিই গুরুত্বপূর্ণ। অসলোর মানুষ তাঁকে বেশ ভালোই চেনে। দীর্ঘ আট বছরের অনভ্যাসে তিনি ট্যাক্সি চালাতে গিয়ে দু-একটি ভুলও করে ফেলেছিলেন। এতে যাত্রীরা অবশ্য তাঁর সমালোচনা করতে ছাড়েননি।নরওয়েতে স্টলটেনবার্গ যথেষ্ট জনপ্রিয় হলেও সাম্প্রতিক জনমত জরিপে বিরোধী নেতাদের তুলনায় পিছিয়ে পড়েছেন তিনি। আসন্ন নির্বাচনে হেরে গেলে ট্যাক্সি চালনাকে স্থায়ী পেশা হিসেবে নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী হিসেবেই দেশ এবং দেশের ট্যাক্সিযাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারব।’ বিবিসি।