ট্যাক্সিচালকের সারা জীবনের বকশিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেস্তোরাঁয় গেলে পরিচারিকাকে দু-চার টাকা বকশিশ। কিংবা কোনো উৎসবে কাউকে বকশিশ দেওয়াটা নতুন কিছু নয়। দূরে কোথাও গেলে ট্যাক্সিচালককেও খুশি করা হয়। এই যান্ত্রিক যুগে কেউ কোনো সাহায্য করলে তাকে হাসিমুখে কিছু একটা দিতে এখনো ভুল করে না বিবেকবান মানুষেরা। কেউ নিক বা না নিক এ রকম পরিস্থিতিতে বখশিশ দেওয়াটা অনেকটা নিয়মে দাঁড়িয়ে গেছে। কিন্তু ইংল্যান্ডের নাগরিক ম্যারি ওয়াটসন বোধহয় সব বকশিশদাতাকেই হার মানিয়েছেন। দু-চার কিংবা পাঁচ টাকা নয়; এক-দুই হাজার টাকাও নয়, জীবনের সব সঞ্চয়ই তিনি বকশিশ হিসেবে একজন ট্যাক্সিচালককে দিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের কর্নওয়ালের নিউকোয়ে শহরের বাসিন্দা হলেন ম্যারি ওয়াটসন। এই নারী গত ডিসেম্বরে ৮৬ বছর বয়সে মারা গেছেন। তাঁর ব্যক্তিগত কোনো গাড়ি ছিল কি না জানা যায়নি। তবে তিনি বেশির ভাগ সময়ই ট্যাক্সিতে ভ্রমণ করেছেন। এর মধ্যে একটানা ২০টি বছরই তাঁকে বহন করেছেন ট্যাক্সিচালক ডন প্র্যাট। এই সময়ের মধ্যে ওয়াটসন একটিবারের জন্যও অন্য কারও ট্যাক্সিতে চড়েননি। ওয়াটসনের নির্বিঘ্ন এ যাতায়াতে প্র্যাটকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তাঁর স্ত্রী গিল। কৃতজ্ঞ যাত্রী ওয়াটসনও ভুল করেননি। জীবনের এই স্বচ্ছন্দ যাতায়াতের পুরস্কারস্বরূপ তিনি তাঁর সব সঞ্চয় ও ভূ-সম্পত্তি প্রাট দম্পতিকে দান করে গেছেন। যার মূল্য আড়াই লাখ পাউন্ড। এর মধ্যে একটি বাড়িও রয়েছে। ৬৫ বছরের ট্যাক্সিচালক প্র্যাট বলেছেন, ‘আমি সবসময়ই বয়স্ক লোকজনকে সাহায্য করার চেষ্টা করি। কেন না একদিন আমারও এই সাহায্যের প্রয়োজন হবে।’ তিনি বলেন, ১০ বছর আগে তিনি ও তাঁর স্ত্রী নিউকোয়ে ছেড়ে নর্দাম্পটনে চলে আসেন। কিন্তু ওয়াটসনের মৃত্যুর দুই বছর আগ পর্যন্ত তাঁরা তাঁর খোঁজখবর নিয়েছেন। প্র্যাট বলেন, ‘ওয়াটসন ছিলেন একজন প্রাণবন্ত নারী। অনেকের সঙ্গে তাঁর ছিল খুবই ভালো সম্পর্ক। কেউ কখনো তাঁকে মন্দ বলেনি। আমিও তাঁকে পছন্দ করতাম। তিনি ছিলেন আসলেই ভীষণ একজন ভালো মানুষ।’ তিনি বলেন, ‘ওয়াটসনের আইনজীবী একদিন আমাদের ডেকে নিয়ে বলেছেন, ওয়াটসন তাঁর সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছেন। বিষয়টি আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। কিন্তু এটিই সত্য। তিনি তাঁর সবকিছুই আমাদের দিয়ে গেছেন।’প্র্যাট বলেন, ‘আমি জানি না বিষয়টি ওয়াটসনের পরিবার কীভাবে নেবে। কিন্তু তাঁর আইনজীবী নিশ্চিত করেই বলেছেন, তিনি তাঁর সব অর্জন আমাদেরই দিয়ে গেছেন।’ অপ্রত্যাশিতভাবে এত সম্পত্তি পেয়ে প্র্যাট এখন তাঁর জীবনধারা পাল্টে ফেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতিমধ্যে তিনি তাঁর ট্যাক্সি প্রতিষ্ঠানটি এক বন্ধুর কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি এখন অবসরকালীন জীবন শান্তিতে কাটিয়ে দিতে চান। বলেন, ‘জীবনে অনেক খেটেছি। দিনরাত বলে কোনো কথা ছিল না। কিন্তু এখন আমরা বেড়িয়ে বেড়িয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এত দিনের অপূর্ণ চাওয়াগুলো পূর্ণ করতে চাই।’ অরেঞ্জ অনলাইন।