ট্যাটু দিয়ে খুঁজে পেলেন হারানো পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সঙ্গে রঘুনাথ
পরিবারের সঙ্গে রঘুনাথ

২৪ বছর আগে রেলস্টেশনে হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেলেন ভারতের মুম্বাইয়ের এক পুলিশ কনস্টেবল। গত বুধবার মুম্বাইয়ের পুলিশ কনস্টেবল গণেশ রঘুনাথ ধনগারে তাঁর হাতে থাকা একটি ট্যাটুর সাহায্যে ২৪ বছর পর আবার মায়ের দেখা পান। বিবিসি অনলাইনে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়।  

১৯৮৯ সালে মাত্র ছয় বছর বয়সে রেলস্টেশনের ভিড়ে হারিয়ে যাওয়ার পর মুম্বাইয়ের অনাথালয়ে বেড়ে ওঠেন রঘুনাথ।

অনাথালয়ে থাকার সময় এক সড়ক দুর্ঘটনায় চার মাস অচেতন ছিলেন রঘুনাথ। সুস্থ হওয়ার পর তিনি পরিবার ও বাড়ি সম্পর্কে কিছুই মনে করতে পারছিলেন না। বছরের পর বছর রঘুনাথের নাম পুলিশের কাছে থাকা হারিয়ে যাওয়া ব্যক্তিদের তালিকায় ছিল।

২০১১ সালে রঘুনাথ পুলিশের কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন এবং তাঁর পরিবারের খোঁজ শুরু করেন। হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে তিনি ডান হাতের ট্যাটুতে লেখা তাঁর মায়ের নাম ‘মনরা’কে সূত্র হিসেবে ব্যবহার করেন। এটি ছাড়াও সড়ক দুর্ঘটনার আগে অনাথালয়ে দেওয়া ‘মামা ভাঞ্জে’ নামের মুম্বাইয়ের কাছেই একটি এলাকার ঠিকানা খুঁজে পান তিনি।

এ বছরের অক্টোবর মাসের শুরুর দিকে রঘুনাথ তাঁর সহকর্মীদের নিয়ে ওই এলাকায় গিয়ে মনরা নামের নারীর খোঁজ করেন। এলাকাবাসী তাঁকে এক বৃদ্ধার বাড়িতে নিয়ে যান। বৃদ্ধা রঘুনাথের ডান হাতে আঁকা ট্যাটু দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বিবিসির মুম্বাই প্রতিনিধিকে রঘুনাথ বলেন, ‘তিনি (রঘুনাথের মা) পুরোপুরি বিস্মিত। তিনি ঘটনাটি বিশ্বাস করতে পারছিলেন না। এ ঘটনায় এলাকার বাসিন্দা ও প্রতিবেশীরাও আনন্দে চিত্কার করে ওঠেন।’

রঘুনাথের ছোট দুই বোন ও দুই ভাই আছে। তিনি হারিয়ে যাওয়ার পর তাঁর বাবা মারা যান। তাই তাঁর মাকে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়েছে।

রঘুনাথ বলেন, ‘এখন আমার মাকে আর কাজ করতে হবে না। পুরো পরিবারের দেখাশোনার দায়িত্ব এখন আমার।’

২৪ বছর পর ছেলেকে ফিরে পেয়ে রঘুনাথের মা বলেন, ‘আমি খুবই খুশি। আমি আমার ছেলেকে হারিয়েছিলাম, এখন সে পুলিশ কনস্টেবল হয়ে ফিরে এসেছে।’

রঘুনাথ এখনো গত কয়েক সপ্তাহে তাঁর জীবনে ঘটে যাওয়া ঘটনা বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন, ‘এটি আসলেই সৃষ্টিকর্তার ইচ্ছা! অলৌকিক ঘটনা!’