ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থতা গোপনের অভিযোগ

যুক্তরাজ্যের পারমাণবিক যুদ্ধাস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ট্রাইডেন্টের একটি সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় গত বছর ত্রুটি দেখা দিয়েছিল বলে খবর দিয়েছে সানডে টাইমস পত্রিকা। পত্রিকাটি বলেছে, ব্রিটিশ সরকার বিষয়টি আড়াল করেছিল। তবে প্রধানমন্ত্রী থেরেসা মে এমন অভিযোগ পাশ কাটিয়ে বলেছেন, নিজেদের পারমাণবিক অস্ত্রব্যবস্থার ওপর তাঁদের ‘পূর্ণ আস্থা’ রয়েছে।
ট্রাইডেন্টের ওই পরীক্ষার কয়েক সপ্তাহ পরই যুক্তরাজ্যের আইনপ্রণেতারা দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নবায়নের প্রশ্নে ভোটাভুটিতে অংশ নেন। বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে তখন বিষয়টি জানতেন কি না, বিবিসি একাধিকবার সেই প্রশ্ন করলেও তিনি উত্তর এড়িয়ে যান। ওই পরীক্ষার সময় মে প্রধানমন্ত্রীর পদে ছিলেন না। তবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই পার্লামেন্টে ভোটাভুটি হয়।
বিবিসির প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ‘ট্রাইডেন্ট নবায়ন করা হবে কি না, তা নিয়ে আমরা কথা বলছি। ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’
সানডে টাইমস পত্রিকা লিখেছে, যুক্তরাজ্য গত জুনে ফ্লোরিডা উপকূলের কাছে ডুবোজাহাজ থেকে যুদ্ধাস্ত্রহীন একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র (ট্রাইডেন্ট দ্য সেকেন্ড ডি ফাইভ) উৎক্ষেপণের চেষ্টা করে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পর্কে বিস্তারিত না জানিয়ে শুধু বলেছে, এটা সফল হয়েছে।
সংবাদমাধ্যমের খবর, এমপিরা প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের কাছে বিভিন্ন প্রশ্নের জবাব চাইতে পারেন। ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় ব্যর্থতার খবরটি সরকার গোপন রেখেছে বলে অভিযোগ উঠেছে। নৌবাহিনীর একটি সূত্র বলেছে, উৎক্ষেপণের সময় ওই ক্ষেপণাস্ত্রে ত্রুটি দেখা দিয়েছিল। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি দিক ভুল করে যুক্তরাষ্ট্রের স্থলভাগ অভিমুখে ছুটে গিয়েছিল।
নৌবাহিনীর সূত্রটি সানডে টাইমসকে বলেছে, ওই ঘটনায় ব্রিটিশ সরকার ও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আতঙ্ক তৈরি হয়েছিল। অবশেষে ডাউনিং স্ট্রিট ওই ব্যর্থতার খবর চেপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারের আশঙ্কা ছিল, এই তথ্য জনসমক্ষে প্রকাশ করলে যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। জুলাইয়ে ব্রিটিশ এমপিরা ৪৭২-১১ ভোটে ট্রাইডেন্ট পরমাণু প্রতিরক্ষাব্যবস্থা নবায়নের পক্ষে মত দেন। ফলে নতুন ডুবোজাহাজ নির্মাণের বিষয়টি অনুমোদন পায়। এতে আনুমানিক ৩ হাজার ১০০ কোটি ব্রিটিশ পাউন্ড খরচ হবে।
বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্রের বিপক্ষে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের দিক ভুল করে ছুটে যাওয়াটা ‘সাংঘাতিক বিপর্যয়কর ভুল’।