গত বছরের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক সভায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হই, তাহলে নিশ্চিত বলে দিতে পারি, ভারতীয় এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ হোয়াইট হাউসে সত্যিকারের একজন বন্ধু পাবে।’ এর তিন মাস পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় ভারতের প্রতি এই অকৃপণ বিশ্বাস দ্বিপক্ষীয় সম্পর্ক মাত্র কয়েক বছর আগেও যেখানে ছিল, তার তুলনায় অনেক আলাদা।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের কাছে আলাদা সমাদর পেয়েছে ভারত। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতার প্রথম দুই বছর চীনের দিকে মনোযোগী থাকলেও এরপর ভারতের দৃষ্টি ফেরান। গত দুই বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ওবামার মধ্যে সাক্ষাৎ হয়েছে নয়বার। এসব সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তি সম্পাদনের পাশাপাশি জলবায়ু ইস্যুর মতো বৈশ্বিক বিষয় আলোচিত হয়েছে।
ধনাঢ্য রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে মনে করা হয় ‘লেনদেনের ওস্তাদ’। কাজেই তাঁর সঙ্গে মোদির প্রথম সাক্ষাতের বিষয়টি সবাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন, তা নিশ্চিত।
ভারতে রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প প্রশাসন ভারতীয় বংশোদ্ভূত অ্যাশলি টেলিসকে দায়িত্ব দেবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের সঙ্গে লেনদেনের সময় যুক্তরাষ্ট্রের বৃহৎ কৌশলগত স্বার্থের বিষয়টি মাথায় রাখতে ট্রাম্প প্রশাসনকে শুরু থেকে পরামর্শ দিয়ে আসছেন টেলিস। তবে দক্ষ কর্মীদের এইচ-ওয়ানবি ভিসা, বাণিজ্য ও বিনিয়োগসহ কিছু বিষয়ে ট্রাম্প যুগে মার্কিন-ভারত সম্পর্কে খানিকটা টানাপোড়েনের সৃষ্টি হতে পারে। ট্রাম্প তাঁর ‘সবার আগে আমেরিকা’ নীতি কঠিনভাবে অনুসরণ করলে ভারতের প্রযুক্তি কোম্পানিগুলো ব্যাপক হারে আক্রান্ত হবে।
আফগানিস্তান-পাকিস্তান প্রশ্নে ট্রাম্প প্রশাসন কী রকম আচরণ করবে, তা এখনো পরিষ্কার নয়। এ ব্যাপারে ট্রাম্পের পদক্ষেপ ভারতের ওপর প্রভাব ফেলবে। রাশিয়া ও ইরানের ব্যাপারে ট্রাম্পের মনোভাব এবং পদক্ষেপও পরোক্ষভাবে ভারতের ওপর প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটন-মস্কো সম্পর্ক যত স্বাভাবিক হবে, নয়াদিল্লি তত উপকৃত হবে বলেই বিশেষজ্ঞদের মত। তবে এ বিষয়টা তত সহজ হবে না। আর ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার উদ্যোগ নিলে ইউরোপ আর চীনের পাশাপাশি ভারতও তেহরানের দিকে ঝোঁকার উৎসাহ পেয়ে যেতে পারে।