ট্রাম্প-পুতিন গোপন বৈঠক!

জার্মানিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুবার বৈঠক করেছিলেন। একটি বৈঠকের কথা সবারই জানা। কিন্তু দ্বিতীয় বৈঠকটির কথা এত দিন গোপন ছিল। এখন তা প্রকাশ পেয়েছে।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই কথা জানানো হয়। চলতি মাসের ৭ থেকে ৮ জুলাই হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ফাঁকে ৭ জুলাই ট্রাম্প ও পুতিন আনুষ্ঠানিক বৈঠক করেন। প্রথমবারের মতো দুই নেতার এই মুখোমুখি বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ট্রাম্প ও পুতিনের মধ্যে সোয়া দুই ঘণ্টাব্যাপী ওই আনুষ্ঠানিক বৈঠকের আলোচ্য বিষয় বিস্তারিতভাবে হোয়াইট হাউস বা ক্রেমলিন কোনো পক্ষই প্রকাশ করেনি।
এখন জানা যাচ্ছে, হামবুর্গে ট্রাম্প-পুতিনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের বাইরে একটি ‘গোপন’ বৈঠক হয়েছিল।
হামবুর্গে ট্রাম্প ও পুতিন গোপন ভোজে মিলিত হয়েছিলেন বলে খবর বেরিয়েছে। তবে এই খবর যথারীতি নাকচ করেছেন ট্রাম্প। একে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। নির্বাচনী প্রচার চলাকালে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। পুতিনও ট্রাম্পের প্রশংসা করেন। দুজনের সম্পর্ক নিয়ে মার্কিন রাজনীতিতে নানা সন্দেহ আছে।
ট্রাম্পকে জয়ী করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ নিয়ে চরম অস্বস্তিতে আছেন ট্রাম্প। এমন প্রেক্ষাপটে ট্রাম্প ও পুতিনের মধ্যে হামবুর্গে প্রথম বৈঠক হয়।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া সরকার বা রাষ্ট্রপ্রধানদের একান্ত ভোজের সময় ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিতীয় বৈঠকটি হয়।
দ্বিতীয় এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্প একাই অংশ নেন। যুক্তরাষ্ট্রের অন্য কোনো কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন না। অন্যদিকে রাশিয়ার পক্ষে নিজের সরকারি দোভাষীসহ অংশ নেন পুতিন। দুই নেতার মধ্যকার এই বৈঠক এক ঘণ্টা স্থায়ী হয়েছিল বলে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে।

পুতিনের সঙ্গে দ্বিতীয় বৈঠকে কী আলোচিত হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষে তা একমাত্র ট্রাম্পই জানেন। কারণ, সেখানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। আর বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে ট্রাম্প যেমনটা বলেছেন, তেমনটাই শুধু হোয়াইট হাউসের কর্মকর্তারা জানেন।
হামবুর্গে ট্রাম্প-পুতিন গোপন বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই কেবল এ নিয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া আসে। বৈঠকের কথা স্বীকার করেছে হোয়াইট হাউস। তবে তারা একে ‘দ্বিতীয় বৈঠক’ বলতে নারাজ।
ট্রাম্প-পুতিনের এই সাক্ষাৎকে ‘দ্বিতীয় বৈঠক’ নয়, বরং ‘ক্ষণিকের আলোচনা’ বলে বর্ণনা করেছেন এক মার্কিন কর্মকর্তা। তাঁর ভাষ্য, ভোজে উপস্থিত মার্কিন অনুবাদক রুশ জানতেন না। এ কারণে সেখানে রাশিয়ার এক অনুবাদক ছিলেন।
ট্রাম্প-পুতিনের মধ্যকার ‘গোপন’ বৈঠকের বিষয়টি প্রথম সামনে আনেন যুক্তরাষ্ট্রভিত্তিক ইউরোশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ইয়ান ব্রেমার। তাঁর মক্কেলদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি উঠে আসে। ট্রাম্প-পুতিনের আলোচনাকে ‘একান্ত’ ও ‘প্রাণবন্ত’ বলে বর্ণনা করেছেন ব্রেমার। সেখানে মার্কিন অনুবাদক না থাকার বিষয়টি চোখে লাগে বলে উল্লেখ করেন তিনি।
পরে টুইটারে ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে তাঁর গোপন ভোজ নিয়ে যে খবর বেরিয়েছে, তা ভুয়া। জি-২০ সম্মেলনে অংশ নেওয়া সব নেতা ও তাঁদের সঙ্গীরা জার্মান চ্যান্সেলরের আমন্ত্রণে ওই ভোজে যোগ দিয়েছিলেন। আর গণমাধ্যম তা জানে।