ট্রাম্পকে আমন্ত্রণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ হয় l ছবি: এএফপি
লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ হয় l ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত বাতিল করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গত সোমবার রাজি হননি। ট্রাম্পকে আমন্ত্রণের ওই সিদ্ধান্ত বাতিলের সপক্ষে যুক্তরাজ্যের ১৫ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আর দেশটিতে বহু জায়গায় বিক্ষোভ হচ্ছে।
এত কিছুর পরও প্রধানমন্ত্রী মে নিজ সিদ্ধান্তে অনড় রয়েছেন। এটির বাস্তবায়ন হলে ট্রাম্পকে সম্মান জানাবে ব্রিটিশ পার্লামেন্ট। রানি দ্বিতীয় এলিজাবেথও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে পারেন। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, থেরেসা মে যুক্তরাষ্ট্রে বিতর্কিত নির্বাহী আদেশে শরণার্থী ও মুসলিমপ্রধান দেশগুলোর নাগরিকদের ওপর নিষেধাজ্ঞার সঙ্গে একমত নন।
হোয়াইট হাউসে গিয়ে থেরেসা মে গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ই তাঁকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত (ব্রেক্সিট) নিয়েছে। ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে ট্রাম্পের আসন্ন যুক্তরাজ্য সফর কাজে লাগবে বলে বর্তমান ব্রিটিশ সরকার মনে করছে। কিন্তু বিতর্কিত ধনকুবের ট্রাম্পের সঙ্গে মের সুসম্পর্ককে যুক্তরাজ্যের জনসাধারণ অপছন্দ করেছে। কারণ, ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওই ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাননি। তিনি এটাকে মার্কিনদের অভ্যন্তরীণ ব্যাপার বলেই ক্ষান্ত হয়েছেন।
কিন্তু ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা এবং তাঁকে আমন্ত্রণ জানাতে মের উদ্যোগের প্রতিবাদে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ করেছে। লন্ডনে বিক্ষুব্ধ জনতা ‘নাৎসিদের সঙ্গে হাত মেলাবেন না’, ‘বর্ণবাদকে না বলুন, ট্রাম্পকে না বলুন’, ‘ট্রাম্প, আপনার জন্য লজ্জা’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে সোমবার মিছিল-সমাবেশ করেছে। আর ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানচেস্টারে বিক্ষোভকারীরা ‘কোনো রাষ্ট্রীয় সফর নয়’ এবং ‘শরণার্থীরা এখানে স্বাগত’ প্রভৃতি স্লোগান দেয়।
বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও স্কটিশ ন্যাশনাল পার্টির নেতারা ট্রাম্পের জন্য রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।