ট্রাম্পকে উপেক্ষা করে সিনেটে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের জলবায়ু তহবিলে অর্থের জোগান দেওয়ার ব্যাপারে বিরোধিতা করলেও তাঁকে উপেক্ষা করেই কংগ্রেসের সিনেট প্যানেল এ তহবিলে অর্থায়ন করার বিষয়টি অনুমোদন করেছে। সেই অনুযায়ী, প্যারিস জলবায়ু চুক্তি তদারককারী জাতিসংঘের জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংস্থাকে এক কোটি ডলার সহায়তা দেবে দেশটি। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও বৈদেশিক কার্যক্রমের জন্য ৫ হাজার ১০০ কোটি ডলার ব্যয়ের এক বিল অনুমোদন করেছে। বিলে ‘ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)’ ও ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’-এ অর্থায়ন অব্যাহত রাখা নিয়ে একটি সংশোধনীও অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন সরকারি সংস্থা ও সংগঠনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ বরাদ্দ দিয়ে থাকে ৩০ সদস্যের ওই সিনেট প্যানেল।

চলতি বছরের শুরুর দিকে ২০১৮ সালের অনুমোদিত বাজেট প্রস্তাবে রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প বিভিন্ন উন্নয়নশীল দেশ ও সংগঠনের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্রকল্পে যেকোনো ধরনের সমর্থনের সুযোগ দূর করে দেন। তবে প্রেসিডেন্টের ওই পদক্ষেপ উপেক্ষা করেই সিনেট কমিটি বৃহস্পতিবার সংশোধনী পাস করল।

গত জুনে ট্রাম্প বিশ্ব জলবায়ু চুক্তি থেকে নিজ দেশকে সরিয়ে নেওয়া ও গ্রিন ক্লাইমেট ফান্ডে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন। তবে এখনো যুক্তরাষ্ট্র ১৯৯২ সালের ইউএনএফসিসিসির একটি গুরুত্বপূর্ণ পক্ষ। ইউএনএফসিসিসি জলবায়ু নিয়ে সই হওয়া ঐতিহাসিক প্যারিস চুক্তির তদারক করে থাকে। গ্রিন ক্লাইমেট ফান্ড জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোতে ‘জলবায়ু খাপ খাইয়ে নেওয়া প্রকল্প’ ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহায়তা দিয়ে থাকে। ইউএনএফসিসিসির বাজেটের প্রায় ২০ শতাংশ অবদান রেখে থাকে যুক্তরাষ্ট্র।