ট্রাম্পকে দাওয়াত দিয়ে যেন বিপদ ডেকে আনল ব্রিটিশরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ও অপ্রত্যাশিত আচরণের কথা সবারই জানা। কিন্তু অতিথি হয়ে এসে যে তিনি ভাঁড়ামির চূড়ান্ত রূপ দেখাবেন, তা কে জানত?

সফরে আসার আগেই যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে বেফাঁস কথাবার্তা বলে ট্রাম্প খবরের শিরোনাম হয়েছেন। আর আজ সোমবার যুক্তরাজ্যে পৌঁছেই লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে অশালীন টুইট করে বসেন। টুইটে লেখেন, ‘সাদিক ব্যর্থ। তাঁর উচিত লন্ডনের অপরাধ দমনে নজর দেওয়া, আমার দিকে নয়।’

ট্রাম্পের একের পর এক অশালীন ও শিষ্টাচারবহির্ভূত আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যুক্তরাজ্য। এ যেন দাওয়াত দিয়ে বিপদ ডেকে এনেছে ব্রিটিশরা।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে যুক্তরাজ্যে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রিটিশ রানির আমন্ত্রণে বিদেশি সরকারপ্রধানের যুক্তরাজ্যে এমন সফর বিরল সম্মানের ব্যাপার। ১৯৫২ সালের পর যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আসা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বর্তমান রানির মেয়াদে এটি ১১৩তম রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ।

নিতান্ত সম্মান প্রদর্শনের এমন সফরে রাজকীয় আনুষ্ঠানিকতাই মুখ্য। দ্বিপক্ষীয় সম্পর্ক ঝালাই করে নিতে এমন সফরকে কাজে লাগানো হয়। বিরল সম্মানের এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পাঁচ সন্তান এবং তাঁদের পরিবারকেও সঙ্গী করেছেন। সোমবারই তাঁদের বাকিংহাম প্রাসাদে রাজকীয় সংবর্ধনা এবং ভোজসভায় যোগ দেওয়ার কথা। কাল মঙ্গলবার সেন্ট জেমস প্রাসাদে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। এরপর সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গেও। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রী মের প্রতি অনুরোধ জানিয়েছেন। আর আগামী বুধবার রাজপরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেবেন পোর্টসমাউথে ‘ডি-ডে’র ৭৫তম বার্ষিকী উদযাপনে। ওই দিনই তিনি আয়ারল্যান্ডের উদ্দেশে লন্ডন ছেড়ে যাবেন।

রাষ্ট্রীয় অতিথিরা সাধারণত রাজপ্রাসাদে অবস্থান করেন। তবে বাকিংহাম প্রাসাদের সংস্কারকাজ চলার কারণে ট্রাম্প লন্ডনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অবস্থান করছেন।

যে শহরে তিনি অতিথি হয়ে এসেছেন, বিমান থেকে নামার আগেই তিনি সেই শহরের মেয়র সাদিক খানের উদ্দেশে এক তির্যক টুইট ছাড়েন। এতে তিনি বলেন, ‘সাদিক চরম ব্যর্থ। তাঁর উচিত লন্ডনের অপরাধ দমনে নজর দেওয়া, আমার দিকে নয়। একজন সফরকারী প্রেসিডেন্টের প্রতি তাঁর আচরণ জঘন্য।’

ট্রাম্প আরও বলেন, ‘সাদিক আমাকে নিউইয়র্কের ব্যর্থ মেয়র ডি ব্লাসিওর কথা মনে করিয়ে দিয়েছেন। যদিও সে লম্বায় তাঁর অর্ধেক।’

রাজপরিবারের আমন্ত্রণে ট্রাম্প লন্ডনে এসেছেন। সেই পরিবারের বধূকেও আক্রমণ করতে ছাড়েননি ট্রাম্প। সফরের আগে ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলকে ‘নোংরা’ বলে মন্তব্য করেন। গত রোববার সেই মন্তব্যের কথা অস্বীকার করতে গিয়ে ধরা পড়ে যান ট্রাম্প। সংবাদমাধ্যম তাঁর ওই মন্তব্যের রেকর্ড ছেড়ে দেয়। এ ছাড়া যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কে হওয়া উচিত, তা নিয়ে মন্তব্য করেন এবং বরিস জনসনের প্রতি সমর্থন ঘোষণা করেন। ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ, লেবার নেতা জেরেমি করবিন এবং চীনের কোম্পানি হুয়াওয়েকে যুক্তরাজ্যে কাজ দেওয়া নিয়ে বেফাঁস কথাবার্তা বলেন ট্রাম্প।

ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো নিয়ে তুমুল বিরোধ আছে। সাদিক খান ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েছিলেন। তাঁকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন। লেবার নেতা জেরেমি করবিন এবং লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ভিন্স ক্যাবল ট্রাম্পের সম্মানে আয়োজিত রানির ভোজ অনুষ্ঠান বর্জন করেছেন।

বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা জন সোফেল বলেন, ট্রাম্প রাজনীতি কিংবা শিষ্টাচারের তোয়াক্কা করছেন না। রাজকীয় সম্মাননার দিকেই তাঁর নজর, যা যুক্তরাষ্ট্রে তাঁর অনুসারীদের উজ্জীবিত করবে।

বিবিসির সহকারী রাজনীতি-বিষয়ক সম্পাদক নরমান স্মিথ বলেন, সরকার চাইছে যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে ট্রাম্পকে বিদায় করতে।

ট্রাম্পের এই সফর ঘিরে লন্ডন, ম্যানচেস্টার, বেলফাস্ট এবং বার্মিংহামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে। আজ মঙ্গলবার লন্ডনে সবচেয়ে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। যে কারণে এই সফর ঘিরে কেবল নিরাপত্তার জন্যই ব্যয় হচ্ছে ২৫ মিলিয়ন পাউন্ড।