ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে টোকিওতে আবে-রুহানি শীর্ষ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে টোকিওতে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জাপান, ২০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে টোকিওতে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জাপান, ২০ ডিসেম্বর। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এখন টোকিওতে অবস্থান করছেন। তাঁর এই দুদিনের সংক্ষিপ্ত সফরকে জাপান ও ইরান উভয় দেশই খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। জাপানের জন্য ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানানো একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ মৈত্রীর বন্ধন সত্ত্বেও আন্তর্জাতিক রাজনীতির কিছু কিছু বিষয়ে টোকিও যে নিজের পথ ধরে চলতে চায়, বিশ্বকে তা দেখিয়ে দেওয়া; অন্যদিকে ইরানের তেলসম্পদ আমদানির সম্ভাব্যতা যাচাই করে ইরানের ওপর চীনের একতরফা প্রভাব কিছুটা হলেও হ্রাসের চেষ্টা করা।

তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য সহজ পথ এটা কোনো অবস্থাতেই নয়। কেননা, ইরানের সঙ্গে বিশ্বের ছয়টি প্রধান শক্তির রাষ্ট্রের স্বাক্ষরিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগে মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বসে আছেন। ফলে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়ে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে জড়িত হওয়া জাপানের জন্য কঠিন হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার বিষয়টিকে সামনে রেখে জাপানে এসেছেন।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেই যুক্তরাষ্ট্র বসে নেই। নিরাপদ সমুদ্র চলাচলের দোহাই দিয়ে পারস্য উপসাগর অঞ্চলে ট্রাম্প যে মার্কিন নৌবহর পাঠিয়েছেন, সেই দলে অন্যদের যোগ দেওয়াও তিনি দেখতে চাইছেন। জাপান অবশ্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে নিজস্ব নৌবাহিনী, যেটাকে জাপান আত্মরক্ষা নৌবাহিনী বলে থাকে, সেই বাহিনীর একটি ডেস্ট্রয়ার ও একটি টহল বিমান পাঠাতে সম্মত হয়েছে। ফলে জাপানের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্টের টোকিও সফরের উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, জাপানের আত্মরক্ষা বাহিনীর পারস্য উপসাগর অভিমুখী যাত্রার ব্যাখ্যা ইরানি নেতার সামনে তুলে ধরা।
টোকিও পৌঁছানোর পর ইরানের প্রেসিডেন্ট শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন। বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট রুহানি জাপানের প্রধানমন্ত্রীকে বলেছেন, দুই দেশের সম্পর্কের পেছনে আছে দীর্ঘ ইতিহাস এবং তিনি আশা করছেন, এই সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় দেশ সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে।

অন্যদিকে আবে বলেছেন, জাপান আশা করছে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্তাবলি ইরান পুরোপুরি বাস্তবায়িত করবে। একই সঙ্গে তিনি চুক্তি অনুযায়ী করা অঙ্গীকার থেকে ইরানের সরে যাওয়ার হুমকি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে আবে একই সঙ্গে পারস্য উপসাগরে জাপানের ডেস্ট্রয়ার ও টহল বিমান পাঠানোর ব্যাখ্যাও ইরানের প্রেসিডেন্টকে দিয়েছেন।

উত্তরে রুহানি পারমাণবিক চুক্তির ওপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি চুক্তি ধরে রাখতে তেহরানের ইস্পাতদৃঢ় অবস্থানের উল্লেখ করে বলেছেন, ইরান আশা করছে, জাপান ও অন্যান্য দেশ চুক্তিটি বহাল রাখতে প্রচেষ্টা চালাবে। তিনি আরও বলেন, চুক্তিটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে সরে যাওয়ার কঠোর নিন্দা ইরান করে আসছে। পারস্য উপসাগরে জাপানের ডেস্ট্রয়ার প্রেরণ পরিকল্পনা সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, অঞ্চলজুড়ে সমুদ্রে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যে জাপানের উদ্দেশ্য, তা তিনি অনুধাবন করতে পারছেন।

রুহানি এই সফর হচ্ছে ২০০০ সালের পর থেকে ইরানের কোনো নেতার প্রথম জাপান সফর। শনিবার তিনি মালয়েশিয়ার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। উল্লেখ্য, জাপান ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৯০তম বার্ষিকী এ বছর পালিত হচ্ছে।