ট্রাম্পের জনপ্রিয়তার ব্যাখ্যা নেই স্টিফেন হকিংয়ের কাছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাবিশ্ব সম্পর্কে সহজ ভাষায় অনেক জটিল বিষয়ের ব্যাখ্যা করে জনপ্রিয় হয়েছেন যুক্তরাজ্যের নামী বিজ্ঞানী স্টিফেন হকিং। কিন্তু তাঁর মতো জ্ঞানী মানুষও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে এমন কথাই বলেছেন হকিং।
স্টিফেন হকিং ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যাওয়ার পক্ষে মত দেন। তিনি বলেন, শুধু অর্থনৈতিক ও রাজনৈতিক কারণেই নয়, বিজ্ঞানের খাতিরেও যুক্তরাজ্যের ইইউতে থাকা দরকার।
ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে হকিং বলেন, ‘আমি সত্যিই জানি না এ জনপ্রিয়তার কারণ কী। তবে ট্রাম্প একজন গলাবাজ। সাধারণ মানুষকে খুশি করে কথা বলার প্রবণতা তাঁর মধ্যে আছে।’
২৩ জুন যুক্তরাজ্যের ইইউতে থাকা না-থাকা নিয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে হকিং বলেন, ‘সে দিন চলে গেছে যখন সমগ্র বিশ্বের বিরুদ্ধে একাই টিকে থাকা যেত। এখন বিশ্বের নানা দেশের সঙ্গে আমাদের এক হয়ে থাকতে হবে। আমাদের নিরাপত্তা এবং ব্যবসা-বাণিজ্যের জন্যই এটি দরকার।’
হকিং বলেন, ইইউ ত্যাগ না করার পক্ষে দুটো অনিবার্য কারণ রয়েছে। প্রথমটি হলো, ইইউর ফলে মানুষের যোগাযোগ বেড়েছে। মানুষের দক্ষতার বিনিময় হচ্ছে দ্রুততার সঙ্গে।
বিশ্বখ্যাত এ পদার্থবিদ দ্বিতীয় যে কারণের কথা বলেন তা হলো অর্থনৈতিক। তিনি বলেন, ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল গবেষণার কাজে যুক্তরাজ্যকে বিপুল পরিমাণ অর্থ দেয়।