ট্রাম্পের মন্তব্যের ধাক্কা যুক্তরাজ্যেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের ধাক্কা লেগেছে আটলান্টিকের এ পারের দেশ যুক্তরাজ্যেও।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতা ও লন্ডনের মেয়রও ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। প্রতিক্রিয়া এসেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছ থেকেও।

ট্রাম্প যদি তাঁর মন্তব্য প্রত্যাহার না করেন, তাহলে উগ্রবাদ দমনে চালু হওয়া আইনের আওতায় ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধের দাবি জানান দেশটির একাধিক পার্লামেন্ট সদস্যে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর বক্তব্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও দেশটির রাজনীতিবিদদের প্রতিক্রিয়া দেখানো একটি বিরল ঘটনা।
ট্রাম্পের মন্তব্যে জাতীয় নিরাপত্তা বিপন্ন: পেন্টাগন
ব্যবসায়ী ট্রাম্প প্রচারের শুরু থেকেই অভিবাসী ও মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে গত সোমবার এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে সাময়িকভাবে হলেও যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এরপর একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ‘লন্ডন এতটাই উগ্রবাদীদের দখলে চলে গেছে যে সেখানকার পুলিশ নিজেরাই জীবন নিয়ে শঙ্কিত।’
ট্রাম্পের এমন মন্তব্যে মার্কিন নির্বাচনী বিতর্কে হস্তক্ষেপ না করার রীতি ভঙ্গ করে প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ট্রাম্পের মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ক্যামেরন বলেন, ‘তাঁর (ট্রাম্পের) মন্তব্য¯বিভাজন সৃষ্টিকারী। অল্প কথায় বলতে গেলে পুরোপুরি ভুল।’ প্রধানমন্ত্রীর এমন প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের অপর রাজনৈতিক দলের নেতারাও।
মুসলিমদের নিষিদ্ধ করতে বলে তোপের মুখে ট্রাম্প

প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে বলেন, প্রেসিডেন্ট হতে চাওয়া ট্রাম্পের বক্তব্যে ‘সাধারণ মনুষ্যত্ববোধের ঘাটতি’ রয়েছে। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টার্জিয়ন ট্রাম্পের বক্তব্যকে ‘আপত্তিকর’ এবং ‘অপরাধমূলক’ বলে আখ্যায়িত করেন। লিবারেল ডেমোক্র্যাটস (লিবডেম) দলের নেতা টিম ফ্যারন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হতে চাওয়া কোনো প্রার্থীর এমন মন্তব্য¯সহজেই প্রমাণ করে—তিনি এই পদের জন্য কতটা অনুপযুক্ত।’ লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, ট্রাম্পের বক্তব্য ‘পুরোটাই নির্বোধের মতো (আটারলি ননসেন্স)।’
কনজারভেটিভ দলের পার্লামেন্ট সদস্য সারাহ ওয়ালটন দাবি তুলেছেন, ট্রাম্প যদি তাঁর মন্তব্য প্রত্যাহার না করেন, তবে উগ্রবাদ দমন আইনের আওতায় যেন ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
শুধু রাজনীতিবিদেরা নন, প্রতিবাদ এসেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও। লন্ডনের নিরাপত্তা নিয়ে ট্রাম্পের মন্তব্যর সমালোচনা করে সংস্থাটি বলেছে, ‘ট্রাম্প বোধ হয় এরচেয়ে বড় ভুল আর করতে পারেন না। লন্ডন পুলিশের বাস্তবতা নিয়ে ধারণা অর্জনের জন্য লন্ডন মেট্রোপলিটন পুলিশের পরামর্শ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী যেকোনো প্রার্থীকে আমরা স্বাগত জানাচ্ছি।’
যুক্তরাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনও ট্রাম্পের মন্তব্যর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগযোগ মাধ্যমসহ বেতার এবং টেলিভিশনেও ঝড় তুলেছে ট্রাম্পের মন্তব্য।