ট্রাম্পের যুক্তরাষ্ট্র 'ইরান কিংবা জিম্বাবুয়ের' মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়ে খবর লেখার ক্ষেত্রে ‘বৈরী দেশ থেকে অর্জিত দক্ষতা’ কাজে লাগাতে বলেছে রয়টার্স। নিজেদের সাংবাদিকদের প্রতি এ পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক এই বার্তা সংস্থা।
বর্তমান পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হবে, সে ব্যাপারে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে বিশ্বজুড়ে কাজ করা নিজেদের হাজারো সাংবাদিক ও ফটোসাংবাদিককে ই-মেইল করেন রয়টার্সের প্রধান সম্পাদক স্টিভ অ্যাডলার। কিন্তু ই-মেইলটি ফাঁস হয়ে যায়। এরপর গত মঙ্গলবার রয়টার্স নিজেদের ওয়েবসাইটে অ্যাডলারের পুরো বার্তাটি প্রকাশ করে।
সহকর্মীদের উদ্দেশে অ্যাডলার লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন, ‘‘পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষদের মধ্যে সাংবাদিকেরাও আছেন’’ বা তাঁর প্রধান নীতিনির্ধারক গণমাধ্যমকে যে “বিরোধী দল” আখ্যা দিয়েছেন; সেটা তো আর তাঁরা প্রতিদিন বলছেন বা করছেন না। তবে আমরা এখনো জানি না ট্রাম্প প্রশাসনের আক্রমণ পরবর্তী সময়ে কতটা তীক্ষ্ণ হবে অথবা এসব আক্রমণের পাশাপাশি আমাদের সংবাদ সংগ্রহের কাজে কী রকম আইনি নিয়ন্ত্রণ আরোপ করা হবে।’
অ্যাডলার আরও বলেন, ট্রাম্পের প্রশাসনের বিরোধিতা করা বা তাঁর প্রেস ব্রিফিংগুলো বর্জন করা উচিত কি না, তা নিয়ে বিতর্ক আছে। তবে রয়টার্স সব সময়ের মতো পক্ষপাতহীন সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে। যেসব দেশে সংবাদমাধ্যম অবাঞ্ছিত এবং প্রায়ই হামলার শিকার হয়, সেখানেও রয়টার্স সাংবাদিকতার ওই অভিন্ন নীতি অনুসরণ করে।
এ ক্ষেত্রে অ্যাডলার তুরস্ক, ফিলিপাইন, মিসর, ইরাক, ইয়েমেন, থাইল্যান্ড, চীন, জিম্বাবুয়ে ও রাশিয়ার উদাহরণ দেন। এসব দেশ সাংবাদিকদের আটক, হত্যা, নিপীড়ন, আক্রমণ করে থাকে এবং হুমকি-ধমকি দেয়। তাঁদের প্রচারিত খবরে সরকার হস্তক্ষেপ করে এবং ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে থাকে। অ্যাডলার ওই বার্তায় সহকর্মীদের উদ্দেশে লেখেন, ‘সাংবাদিকতার পরিবেশ খুব বেশি নেতিবাচক হয়ে গেছে বলে ধরে নেবেন না; বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনেক বেশি কঠিন পরিস্থিতিতে কাজ করে যেসব দক্ষতা অর্জন করেছেন, সেগুলো কাজে লাগানোর এটা একটা সুযোগ।’
সাংবাদিকদের আতঙ্কিত না হয়ে উপায় বের করতে যেকোনো সময়ের চেয়ে বেশি সূত্রের সঙ্গে যোগাযোগ রাখতে এবং সরকারিভাবে প্রত্যাশিত তথ্য না পেলেও কম চিন্তিত হওয়ার পরামর্শ দিয়েছে রয়টার্স।
ই-মেইলটি এমন একটা সময়ে ফাঁস হলো, যখন ‘মূলধারার’ সংবাদমাধ্যমের প্রতি ট্রাম্পের আচরণ নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তিনি সিএনএন এবং নিউইয়র্ক টাইমসকে লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এ দুটি সংবাদমাধ্যম তাঁর নীতির সমালোচনা করে আসছে। ট্রাম্প সংবাদমাধ্যমকে একাধিকবার ‘অসৎ’ আখ্যা দিয়েছেন এবং নাৎসি-যুগে ব্যবহৃত ‘লুগেনপ্রেস’ শব্দটি ব্যবহার করেছেন। এ শব্দের মানে মিথ্যাচারী সংবাদমাধ্যম। ডানপন্থীদের বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের অনুসারীদের উপস্থিতিতে শব্দটি ব্যবহৃত হয়েছে।
যোগাযোগের প্রথাগত পদ্ধতিগুলো অগ্রাহ্য করেছেন ট্রাম্প। নির্বাচনের পর তিনি প্রেস ব্রিফিংয়ে বিলম্ব করেছেন, বাতিলও করেছেন। আর বড় বড় পত্রিকা ও সংবাদ সংস্থার পরিবর্তে সাক্ষাৎকার দিয়েছেন তাঁর প্রতি সহানুভূতিশীল ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্কের মতো তুলনামূলক ছোটখাটো প্রতিষ্ঠানকে। তিনি গত সপ্তাহে অভিযোগ করেন, সংবাদমাধ্যম তাঁর কথাবার্তা বিকৃত করেছে এবং তাঁর সম্মানহানি করেছে। তাই তিনি নিজ বার্তা সবার কাছে পৌঁছাতে টুইটার ব্যবহার করেছেন।
ট্রাম্পের টুইটারবার্তাগুলো সংবাদমাধ্যমের প্রতি আক্রমণাত্মক বলে কুখ্যাত হয়েছে। তাঁকে অনেকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তুলনা করছেন, যাঁর সরকার বহু সাংবাদিককে আটক করেছে, অনেক সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর থেকে সরকার এ রকম দমনপীড়নের নীতি নিয়েছে। এরদোয়ানও ট্রাম্পের গণমাধ্যমবিরোধী অবস্থানের প্রশংসা করেছেন।
ট্রাম্পের প্রধান নীতিনির্ধারক ব্যানন যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী ওয়েবসাইট ব্রেইটবার্টের চেয়ারম্যান। এই প্রতিষ্ঠানটি অভিবাসনবিরোধী লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে ভুয়া খবর ছড়ায় বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক একদল বিশেষজ্ঞ ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে গত বুধবার বলেছে, এটা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার লঙ্ঘন করে।