ট্রাম্পের সফর ঘিরে উত্তপ্ত ব্রিটিশ রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

আগামী ৩ থেকে ৫ জুন যুক্তরাজ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি রানির আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে আসছেন, যা যেকোনো বিদেশি নেতার জন্য এক বিরল সম্মান। আর এ কারণেই ঘটেছে বিপত্তি।

যিনি শিষ্টাচারের তোয়াক্কা করেন না, বেফাঁস কথাবার্তা বলে বেড়ান এবং বর্ণবাদী ও নারীবিদ্বেষী আচরণের কারণে সমালোচিত, এমন বিতর্কিত ব্যক্তিকে রাষ্ট্রীয় অতিথি বানিয়ে সম্মান দেখানোর কী প্রয়োজন আছে? এ প্রশ্নেই বিভক্ত যুক্তরাজ্যের রাজনীতিকেরা। ক্ষমতাসীন কনজারভেটিভ দল ছাড়া বিরোধী প্রায় সব কটি দলই ট্রাম্পের এই সফরের তীব্র সমালোচনা করছে।

ট্রাম্পের সফরকে নিন্দা জানিয়ে লেবার পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নব্যারি বলেন, ‘আমাদের দুই দেশের যৌথ মূল্যবোধকে ট্রাম্প পদ্ধতিগতভাবে আক্রমণ করে চলেছেন।’

বর্ণবাদী ও নারীবিদ্বেষী আচরণ উৎসাহিত করার জন্য ট্রাম্পকে দায়ী করেন প্রধান বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি ট্রাম্পের সম্মানে বাকিংহাম প্রাসাদে রানির আয়োজিত রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা ভিন্স ক্যাবলও ট্রাম্পের সঙ্গে ভোজ সভায় অংশ নেবেন না বলে জানিয়েছেন।

রাষ্ট্রীয় অতিথি হয়ে আসা ব্যক্তিরা ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দেওয়া একটি স্বাভাবিক রীতি। কিন্তু হাউস অব কমন্সের স্পিকার জন বার্কো বেশ আগেই বলে দিয়েছেন, পার্লামেন্টে ট্রাম্পের বক্তব্য দেওয়ার অনুরোধ তিনি বেশ জোরের সঙ্গেই প্রত্যাখ্যান করবেন।

২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁকে যুক্তরাজ্য সফরের অনুরোধ জানান। এ নিয়ে তীব্র সমালোচনা হয়। ২০১৮ সালের জুলাইয়ে ট্রাম্প সরকারি সফরে (ওয়ার্কিং ভিজিট) যুক্তরাজ্যে আসেন। তখন তাঁকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। এবার ট্রাম্পের সফর ঘিরে আরও বড় বিক্ষোভের আয়োজন চলছে। তবে বিতর্ক সত্ত্বেও ট্রাম্পকে বরণে বাকিংহাম প্রসাদ তুমুল ব্যস্ত। ট্রাম্প এবার সঙ্গে করে নিয়ে আসছেন তাঁর স্ত্রী মেলানিয়া, পাঁচ সন্তান ও তাঁদের পরিবার। থাকবেন রাজপ্রাসাদে।

সেন্ট জেমস প্রাসাদে ব্যবসায়ীদের এক সভায় যোগ দেবেন ট্রাম্প। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী মের সঙ্গে বৈঠক করবেন। রাজপরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেবন ‘ডি-ডে’র ৭৫তম বার্ষিকী উদ্‌যাপনে। লন্ডনের মার্কিন দূতাবাসে তাঁর সম্মানে হবে ভোজসভা। আর বাকিংহাম প্রাসাদের লালগালিচা সংবর্ধনা এবং রানির আয়োজনে রাষ্ট্রীয় ভোজসভা তো আছেই।