ট্রুডোর কোলে 'সিরিয়ার' ট্রুডো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কোলে শিশু জাস্টিন ট্রুডো। ছবি: টুইটার থেকে নেওয়া।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কোলে শিশু জাস্টিন ট্রুডো। ছবি: টুইটার থেকে নেওয়া।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কোলে উঠেছে সিরিয়ার শরণার্থী শিশু জাস্টিন ট্রুডো। পুরো নাম জাস্টিন ট্রুডো আদম বিলান। সিরিয়ার শরণার্থী মোহাম্মদ ও আরফা বিলান কানাডায় আশ্রয় দেওয়ার কৃতজ্ঞতা স্বরূপ দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে রেখেছিলেন সন্তানের নাম। গতকাল শনিবার দেশটির ক্যালগারিতে জাস্টিন ট্রুডো আদম বিলানকে কোলে নেন কানাডার প্রধানমন্ত্রী।

সিরিয়ার রাজধানী দামেস্কের নাগরিক মোহাম্মদ ও আরফা বিলান এ বছরের ফেব্রুয়ারিতে দুই সন্তান নিয়ে কানাডার মন্ট্রিলে আশ্রয় নেন। মে মাসে এই দম্পতির আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়। শরণার্থীদের প্রতি কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর মানবিক মনোভাবের কারণে কৃতজ্ঞতাস্বরূপ সন্তানের নাম জাস্টিন ট্রুডো রাখেন তারা।
গত ফেব্রুয়ারিতে মন্ট্রিয়েল বিমানবন্দর দিয়ে কানাডায় প্রবেশ করেন মোহাম্মদ-আরফা দম্পতি। তখন তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন না ট্রুডো। তবে অনেক সিরিয়ার শরণার্থীদের বিমানবন্দরে স্বাগত জানান ট্রুডো। এই দম্পতি তাই তখন তাকে ধন্যবাদ দিতে পারেননি। সেই ধন্যবাদ জানাতে তারা নিজেদের তৃতীয় সন্তানের নাম রাখেন কানাডার প্রধানমন্ত্রীর নামে। এরপর শনিবার ক্যালগারিতে জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করতে যান তারা। সেখানেই আদম বিলানকে কোলে নেন কানাডার প্রধানমন্ত্রী। এ ছবি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন।

২০১৫ সালের নভেম্বরে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৪০ হাজার সিরিয়ার শরণার্থী কানাডায় পুনর্বাসিত হয়েছে। এর মধ্যে শুধু ক্যালগারিতে জায়গা পেয়েছেন এক হাজার জন। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদের অভিবাসন নিষিদ্ধ ঘোষণা করলে ট্রুডো সামাজিক যোগাযোগ মাধ্যমে শরণার্থীদের পুনর্বাসনের প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ওন্টারিওতে এক সিরিয়ার শরণার্থী দম্পতি ট্রুডোর নামে সন্তানের নাম রেখেছিলেন। তথ্যসূত্র: বিবিসি।