জার্মানির প্রতিরক্ষামন্ত্রী কার্ল থিয়োডর গুটেনবার্গ তাঁর ডক্টরেট ডিগ্রি সাময়িকভাবে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। অন্যদের গবেষণা নিজের বলে চালিয়ে ডিগ্রি অর্জনের অভিযোগ ওঠায় তিনি এ সিদ্ধান্ত নেন।বার্লিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুটেনবার্গ বলেন, ‘আমি সাময়িকভাবে ডক্টরেট ডিগ্রি পরিত্যাগ করার ঘোষণা দিচ্ছি।’ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি অন্যের কাজ নিজের বলে চালাইনি। নিজেই গবেষণা করেছি। একই সঙ্গে আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রত্যাখ্যান করছি।’ অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন।প্রতিরক্ষামন্ত্রী গুটেনবার্গ ২০০৬ সালে করা গবেষণা নিবন্ধের কিছু অংশে অন্যদের কাজ নিজের বলে চালিয়ে দিয়েছেন—সম্প্রতি জার্মানির গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর থেকে তিনি বিরোধী দল ও গণমাধ্যমের চাপে রয়েছেন।প্রসঙ্গত, ৩৯ বছর বয়সী জনপ্রিয় মন্ত্রী গুটেনবার্গকে জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সম্ভাব্য উত্তরসূরি বলে বিবেচনা করা হয়। বিবিসি।