ডব্লিউএইচওর প্রথম আফ্রিকান মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরবর্তী মহাপরিচালক হতে যাচ্ছেন ইথিওপিয়ার টেডরস আধানম গেবিয়াসেস। জাতিসংঘের কোনো সংস্থার শীর্ষ পদে আফ্রিকান হিসেবে তিনিই প্রথম নির্বাচিত হলেন। নির্বাচিত হতে সদস্য দেশগুলোর ১৮৬ ভোট পেয়েছেন তিনি।

আগামী জুনে বর্তমান মহাপরিচালক মার্গারেট চ্যানের ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হবেন টেডরস।

মার্গারেট চ্যানের মেয়াদকালে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় সমালোচিত হয় ডব্লিউএইচও। ডব্লিউএইচওর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইবোলা প্রাদুর্ভাবের তীব্রতা প্রতিরোধে লক্ষণগুলো সম্পর্কে সঠিক সতর্কতা প্রচারে দেরি করেছে সংস্থাটি। ২০১৩ সালে ইবোলার প্রভাবে ওই অঞ্চলে ১১ হাজার মানুষ মারা যায়।

তাই নির্বাচিত হওয়ার পর জরুরি অবস্থায় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন টেডরস আধানম। এ ছাড়া দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করবেন বলেও জানান তিনি। ৫২ বছর বয়সী টেডরস এর আগে ইথিওপিয়ার স্বাস্থ্য ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধ বিভাগে বোর্ড অব গ্লোবাল ফান্ডের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ম্যালেরিয়া গবেষক হিসেবে তাঁর সুখ্যাতি আছে। এ ছাড়া জনস্বাস্থ্যে পিএইচডি করেন তিনি।

সংখ্যাগরিষ্ঠের ভোট পেলেও ​টেডরসের নির্বাচিত হওয়া নিয়ে সমালোচনা রয়েছেই। সম্প্রতি ইথিওপিয়াতে তিনটি অঞ্চলে কলেরা ছড়িয়ে পড়ায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তাঁর সমর্থকেরা এটি সত্যি নয় বলে মনে করে।
সূত্র: বিবিসি