ডব্লিউটিওর সদস্যপদ পেল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যপদ পেল রাশিয়া। গতকাল শুক্রবার আন্তর্জাতিক এই সংস্থাটিতে রাশিয়ার সদস্যপদ পাওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রায় ১৮ বছর আলোচনা শেষে এই সদস্যপদ পেল দেশটি।সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গতকাল রাশিয়ার সদস্যপদের বিষয়টি অনুমোদিত হয়। পরে এক অনুষ্ঠানে বিষয়টি ঘোষণা করা হয়।রাশিয়াকে নিয়ে ডব্লিউটিওর সদস্যসংখ্যা দাঁড়াল ১৫৪। এত দিন ডব্লিউটিওর সদস্য নয়, এমন দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ছিল রাশিয়া। সদস্যপদ পাওয়ার পর জেনেভায় পাঠানো এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘এটা অনেক দীর্ঘ ও জটিল আলোচনার ফসল। আশা করি এটা রাশিয়া ও অংশীদারি অন্য দেশগুলোর মধ্যে সুফল বয়ে আনবে।’ রয়টার্স, বিবিসি।