ডাইনোসরের কঙ্কাল নিলামে ১০ লাখ ডলারে বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাইনোসরের প্রায় অক্ষত একটি কঙ্কাল নিলামে ১০ লাখ পাঁচ হাজার ডলারে বিক্রি হয়েছে। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হয়। অবশ্য, মঙ্গোলিয়ার সরকার আদালতে আপত্তি তোলায় কঙ্কালটির বিক্রি এখনই চূড়ান্ত হচ্ছে না।যুক্তরাষ্ট্রে টেক্সাসের ডালাসভিত্তিক হেরিটেজ অকশনস নামের একটি প্রতিষ্ঠান ওই নিলামের আয়োজন করে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, আনুমানিক আট কোটি বছর আগে উত্তর আমেরিকায় বিচরণকারী টি-রেক্স প্রজাতির ছোট্ট কিন্তু ভয়ংকর ওই ডাইনোসরের কঙ্কালটির উচ্চতা ও দৈর্ঘ্য যথাক্রমে আট ও ২৪ ফুট। উত্তর চীন থেকে দক্ষিণ মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত গোবি মরুভূমিতে কঙ্কালটি আবিষ্কৃত হয়। তবে কোন দেশে সেটি পাওয়া যায় তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন হেরিটেজের প্রেসিডেন্ট গ্রেগ রোহান। রয়টার্স।