ডাইনোসরের জীবাশ্ম দিতে পারে বিবর্তনের সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইনোসরের পরিবার বিবর্তনের ধারায় কীভাবে দেখতে পাখির মতো হলো—এটি জানার জন্য চীনের গোবি মরুভূমিতে আবিষ্কৃত ডাইনোসরের জীবাশ্মটি একটি সূত্র হতে পারে। বৃহস্পতিবার মার্কিন জীবাশ্মবিদেরা এ কথা জানান। নতুন আবিষ্কৃত জীবাশ্মটি ডাইনোসরের ‘আলভারেজসোরিডায়ে’ গণের অন্তর্ভুক্ত। এই গণের ডাইনোসরগুলো সাধারণত পাখির মতো দেখতে।জুরাসিক যুগের শেষ ভাগে অর্থাত্ প্রায় ১৬ কোটি বছর আগেও আলভারেজসোরিডায়ে গণের ডাইনোসরদের অস্তিত্ব ছিল, জীবাশ্মটি তারই একটি প্রমাণ। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাহ চোইনিয়েরের গবেষণাপত্রে এসব তথ্য জানানো হয়েছে। গবেষণাপত্রে তিনি ওই ডাইনোসরের জীবাশ্মের নাম দিয়েছেন ‘হ্যাপ্লোচেরিয়াস’।এক বিবৃতিতে চোইনিয়েরে জানান, হ্যাপ্লোচেরিয়াস বিবর্তন প্রক্রিয়ার একটি অন্তর্বর্তী পর্যায়ের জীবাশ্ম। ডাইনোসরের আগের প্রজাতিগুলো থেকে বিবর্তনের মাধ্যমে আলভারেজসোরস গণের পরবর্তী ডাইনোসরগুলোর হাত কীভাবে তৈরি হলো, তার প্রাথমিক ধাপ এই জীবাশ্মে দেখা গেছে। জুরাসিক যুগের শেষ ভাগে এই গণের ডাইনোসরের অস্তিত্ব ছিল, আমাদের এই ধারণাটিও নিশ্চিত করেছে জীবাশ্মটি।ডাইনোসরের নব আবিষ্কৃত এই জীবাশ্মটির সঙ্গে আলভারেজসোরিডায়ে গণের মোনোনিকাস ও অন্যান্য প্রজাতির ডাইনোসরেরও সাদৃশ্য রয়েছে। পাখিদের আদি প্রজাতির সঙ্গে আলভারেজসোরিডায়ে গণের ডাইনোসরদের সাদৃশ্য থাকলেও চোইনিয়েরের গবেষণা থেকে দেখা যাচ্ছে, ডাইনোসরের পরিবার পাখিদের সঙ্গে সমান্তরালভাবে বিবর্তিত হয়েছে। জুরাসিক যুগের শেষ ভাগ পাখিদের বিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময়। বেশ কিছু তথ্যপ্রমাণ থেকে ধারণা করা হয়, থেরোপড ডাইনোসর থেকেই পাখিদের উত্পত্তি।২০০৪ সালে চীনের জিনজিয়াং অঞ্চলে অনুসন্ধান চালানোর সময় হ্যাপ্লোচেরিয়াস ডাইনোসরের মাথার একটি কঙ্কাল আবিষ্কার করা হয়। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জেমস ক্লার্ক ও চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের জু জিং ওই অভিযানের নেতৃত্ব দেন। এএফপি।