মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো ও ইসলাম ধর্মের অবমাননা করার অভিযোগে ডাচ রাজনীতিবিদ শিরত উইলডারসের বিচার কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডের একটি আদালত। গতকাল বুধবার আদালত তাঁর করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়ে এ সিদ্ধান্ত নেন। ফ্রিডম পার্টির নেতা উইলডারস ইসলাম ধর্মকে নাৎসিবাদের সঙ্গে তুলনা করে মুসলমানদের অবমাননা করেছে বলে অভিযোগ উঠেছে। এই মামলাটি শুধু উইলডারসের বিতর্কিত মন্তব্যের কারণে নয় বরং তাঁর দলের প্রভাব বেড়ে যাওয়ার কারণে সবার নজরে এসেছে। আদালতে উইলডারস বলেন, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারবলে তিনি ইসলাম ধর্মের ব্যাপারে এমন মন্তব্য করেছেন। আদালতের বিচারক মার্সেল ভন উস্টন গতকাল উইলডারসের আত্মরক্ষামূলক বেশির ভাগ যুক্তি বাতিল করে বিচার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন। বিচারক ও কৌঁসুলিরা আগামী ১৩ এপ্রিল পুনরায় মামলা শুরু করার ব্যাপারে একমত হয়েছেন। রয়টার্স।