ডায়ানা খুন হওয়ার অভিযোগ নতুন: সাবেক তদন্ত প্রধান

প্রিন্সেস ডায়ানাকে ব্রিটিশ সেনাবাহিনীর একজন সদস্য হত্যা করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা একেবারে নতুন তথ্য।এ ঘটনা তদন্তে নেতৃত্ব দেওয়া সাবেক মেট্রোপলিটান পুলিশ কমিশনার লর্ড স্টিভেনস গতকাল সোমবার এ দাবি করেছেন।
দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্রিটিশ রাজপরিবারের বধূ ডায়ানা, তাঁর প্রেমিক মিসরীয় ধনকুবের দোদি ফায়েদ ও গাড়িচালক হেনরি পল।
স্কটল্যান্ড ইয়ার্ড ওই ঘটনা তদন্ত করে।তিন বছর ধরে তদন্তে নেতৃত্ব দেন তত্কালীন মেট্রোপলিটান পুলিশ কমিশনার লর্ড স্টিভেনস।২০০৬ সালে ওই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়।ডায়ানা নিহত হওয়ার পেছনে ব্রিটিশ গুপ্তচর বা ডিউক অব এডিনবরার করা ষড়যন্ত্রের অভিযোগের বিষয়টি ওই তদন্তে নাকচ করা হয়।এ ছাড়া ঘটনার সময় ডায়ানা অন্তঃসত্ত্বা ছিলেন বলে যে গুজব রয়েছে এবং দোদির সঙ্গে তাঁর বাগদান হওয়ার অভিযোগও ওই তদন্তে খারিজ করা হয়।
ডায়ানা নিহত হওয়ার পেছনে ব্রিটিশ সেনাবাহিনীর একজন সদস্যের হাত থাকার অভিযোগ ব্রিটিশ পুলিশের খতিয়ে দেখার বিষয়টি সঠিক বলে মন্তব্য করেছেন তিনি।
ডায়ানাকে ব্রিটিশ সামরিক বাহিনীর একজন সদস্য হত্যা করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখছে ব্রিটিশ পুলিশ।ব্রিটিশ পুলিশের এই সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন সাবেক কমিশনার লর্ড স্টিভেনস।তিনি বলেন, ডায়ানার মৃত্যুর বিষয়ে নতুন কোনো তথ্য সামনে এলে তা খতিয়ে দেখতে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো উচিত।
যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন (পিএ) সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে জানায়, বাহিনীর সাবেক একজন সদস্য তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনার সময় ডায়ানার নিহত হওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।ওই স্বজনেরাই এখন তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
পিএ ও স্কাই নিউজ টেলিভিশনের খবরে বলা হয়, রাজকীয় সামরিক পুলিশ নতুন এই তথ্য মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর স্কটল্যান্ড ইয়ার্ডকে জানিয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে বলেছে, ডায়ানার নিহত হওয়া প্রসঙ্গে নতুন তথ্যটি মেট্রোপলিটন পুলিশ সার্ভিস পেয়েছে।এই তথ্যের প্রাসঙ্গিকতা ও বিশ্বাসযোগ্যতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।খতিয়ে দেখার কাজে বিশেষজ্ঞ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে।
বিবৃতিতে জানানো হয়, এটা পুনঃ তদন্ত নয়।অপারেশন প্যাজেটের (ওই দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল কি না, তা জানতে পুলিশের তদন্ত) আওতায়ও তা হবে না।
ডায়ানার নিহত হওয়ার পেছনে ব্রিটিশ সামরিক বাহিনীর একজন সদস্যের হাত থাকার অভিযোগকে ‘চমকবাজি’ বলে আখ্যা দিয়েছেন তাঁর সাবেক দেহরক্ষী লন্ডন মেট্রোপলিটন পুলিশের সাবেক সদস্য কেন হোয়ার্ফ।
১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হয় ডায়ানার। আনুষ্ঠানিকভাবে চার্লস-ডায়ানার বিচ্ছেদ ঘটে ১৯৯৬ সালে। তাঁদের প্রথম সন্তান প্রিন্স উইলিয়াম ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী।