ডায়ানার গোপন টেপ

ব্রিটিশ রাজপরিবারের সাবেক রাজবধূ প্রিন্সেস ডায়ানা তাঁর জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। আর এ কারণেই বড় ছেলে প্রিন্স উইলিয়াম ও তাঁর ভবিষ্যত্ স্ত্রীর উদ্দেশে একটি গোপন টেপে বার্তা রেকর্ড করেছিলেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
ডায়ানার এই গোপন টেপের অস্তিত্ব প্রথম আবিষ্কার করে মার্কিন সাময়িকী ‘গ্লোব’। ডায়ানার এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে সাময়িকীটি এ তথ্য জানায়।
ব্রিটিশ দৈনিক ‘ডেইলি স্টার’ জানায়, সন্তানদের পাশে না থাকলে তখন তাদের কে নির্দেশনা দেবে—এমনটা ভেবেই মা হিসেবে ডায়ানা তাঁর উপদেশমূলক ওই টেপটি তৈরি করেছিলেন।
খবরে বলা হয়, নিজের শত্রু এবং মৃত্যুর বিষয়ে ডায়ানা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। এ কারণে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উইলিয়াম, তাঁর ভবিষ্যত্ স্ত্রী ও সন্তানদের প্রতি উপদেশমূলক বার্তা একটি টেপে ধারণ করেন ডায়ানা। ওই বার্তায় ডায়ানা বলেন, ‘তোমার সন্তানদের আমার ভালোবাসা জানিয়ো। তাদের বোলো, আমার ভালোবাসা ও শুভকামনা সব সময় তাদের সঙ্গে থাকবে।’
ডায়ানা কখনোই উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনকে দেখেননি। কিন্তু তা সত্ত্বেও নিছক কল্পনার জোরে তিনি গোপন টেপের বার্তায় বলেছেন, ‘আমি অবশ্যই তোমাকে স্নেহ করতাম এবং খুব দ্রুতই আমরা বন্ধু হয়ে উঠতাম। তুমি অবশ্যই বিশেষ কেউ একজন, তা না হলে তুমি উইলিয়ামের স্ত্রী হতে না।’
এ টেপের বিষয়টি ফাঁস হওয়ার ফলে ডায়ানার মৃত্যুরহস্য উদঘাটনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।