ডায়ানার ভাস্কর্য স্থাপন করছেন দুই ছেলে

যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার একটি মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছেন তাঁর দুই ছেলে ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। দুর্ঘটনায় জনপ্রিয় রাজবধূ ডায়ানার মৃত্যুর ২০ বছর পর এ উদ্যোগ নিচ্ছেন তাঁর ছেলেরা।
প্রিন্স উইলিয়াম ও হ্যারি বলেছেন, প্রিন্সেস ডায়ানার একটি স্থায়ী মূর্তি তৈরি করে তাঁর ‘ইতিবাচক প্রভাবকে’ স্বীকৃতি দেওয়ার এটাই সঠিক সময়। ডায়ানার সাবেক বাসভবন কেনসিংটন প্যালেসের খোলা জায়গায় ভাস্কর্যটি নির্মাণ করা হবে।
ভাস্কর বাছাইয়ের কাজ এখনো বাকি আছে। তবে রাজপরিবারের একজন মুখপাত্র বলেছেন, এর নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। ডায়ানার স্মরণে এটি হবে লন্ডন এলাকায় নির্মিত চতুর্থ স্মারক।
প্রিন্স উইলিয়াম ও হ্যারি এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের মা অনেকের জীবনকে স্পর্শ করেছিলেন। আশা করি, মূর্তিটি তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে কেনসিংটন প্যালেসে আসা দর্শনার্থীদের জন্য সহায়ক হবে।’
দুই প্রিন্সের দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, তিনি প্রিন্সেস ডায়ানার স্মৃতি রক্ষার এ উদ্যোগ সমর্থন করেন।
ব্রিটিশ রাজপরিবারবিষয়ক ইতিহাসবিদ কেট উইলিয়ামস বলেন, দুই রাজপুত্রের জন্য এটা তাঁদের ‘দাতব্য কাজের পৃষ্ঠপোষক’ মায়ের উত্তরাধিকারের স্বীকৃতি দেওয়ার এক সুযোগ।
প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে তাঁর মিসরীয় বংশোদ্ভূত প্রেমিক ধনকুবের দোদি আল ফায়েদের সঙ্গে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তখন তাঁর দুই ছেলে উইলিয়াম ও হ্যারির বয়স ছিল যথাক্রমে ১৫ ও ১২ বছর।