ডায়ানার মৃত্যুতে এসএএসের সংশ্লিষ্টতা মেলেনি
প্রিন্সেস ডায়ানা এবং তাঁর বন্ধু দোদি আল ফায়েদের মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্যের সেনাবাহিনীর স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। যুক্তরাজ্যের পুলিশ গতকাল মঙ্গলবার জানায়, ডায়ানা খুন হয়েছিলেন—এ রকম অভিযোগের পক্ষে কোনো ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ নেই।
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সুড়ঙ্গ পথে ১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় গাড়িচালকসহ ডায়ানা ও ফায়েদ নিহত হন। পাপারাজ্জিদের কবল থেকে রেহাই পেতে চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ওই দুর্ঘটনায় সামরিক বাহিনীর সংশ্লিষ্টতার ব্যাপারে পুলিশ গত আগস্টে কিছু তথ্য পেয়েছিল। তবে বিষয়টি খতিয়ে দেখার পর তারা বলছে, এ ব্যাপারে ফৌজদারি অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু করার কোনো ভিত্তি নেই। গত আগস্টে যুক্তরাজ্যের একাধিক সংবাদপত্র জানায়, ওই যুগলের মৃত্যু সম্পর্কে পুলিশ সেনাবাহিনীর মাধ্যমে কিছু বিশেষ তথ্য পেয়েছে। এসএএসের একজন সদস্য ওই ‘হত্যাকাণ্ডে’ জড়িত ছিলেন বলেও খবর প্রকাশিত হয়। এএফপি ও রয়টার্স।