ডি-৮ শীর্ষ সম্মেলনের পর্দা উঠছে কাল
উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন ডি-৮ শীর্ষ সম্মেলনের পর্দা উঠছে আগামীকাল বৃহস্পতিবার। ইসলামাবাদে এই সম্মেলন উদ্বোধন করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সম্মেলন সামনে রেখে আজ বুধবার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেন, এবারের শীর্ষ সম্মেলনের বিষয়বস্তু হলো ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক সহযোগিতা’। তিনি আরও বলেন, সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে গুরুত্বারোপ করা হবে।হিনা রাব্বানি বলেন, মিসর, ইন্দোনেশিয়া, ইরান ও নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট, তুরস্কের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সম্মেলনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ডি-৮ ভুক্ত দেশগুলোর বর্তমান বাণিজ্যের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলার। ২০১৮ সালের মধ্যে এই বাণিজ্যের পরিমাণ ৫০৭ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। হিনা রাব্বানি বলেন, শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে ডি-৮-এর সনদ গৃহীত হবে। এ ছাড়া অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দেশগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে ইসলামাবাদ ঘোষণাও গৃহীত হবে। সিনহুয়া।